রিপোর্টার্স২৪ ডেস্ক : সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। এতে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে দ্রুত খসড়া চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
রেজিমন ঘুরে দেখা যায়, বেলা ১১টার দিকে কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রায় শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে এসে জড়ো হতে থাকে। পরে একে একে তাদের সঙ্গে যোগ দেয় ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও।
এ সময় ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’ অধ্যাদেশ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘ এমন নানা স্লোগানও দেন তারা।
এদিকে সাত কলেজ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির ফলে শিক্ষা ভবন থেকে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে শিক্ষার্থীরা যাতে সচিবালয়ের দিকে অগ্রসর হতে না পারে, এজন্য সেখানে ব্যারিকেড বসিয়েছে পুলিশ।
উল্লেখ্য, সরকারি সাত কলেজকে পৃথক করে চলতি বছরের ২৬ মার্চ নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রাথমিকভাবে এর নাম প্রস্তাব করেছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।
রিপোর্টার্স২৪ /এসসি