রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জিবুতির প্রধানমন্ত্রী আবদুল কাদের কামিল মোহাম্মদ।ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) সদরদপ্তরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের ফাঁকে এই বৈঠক হয়।
সোমবার (১৩ অক্টোবর)অনুষ্ঠিত এই বৈঠকে দুই নেতা আঞ্চলিক ভূ-রাজনীতি, রোহিঙ্গা সংকটসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি-সহ জিবুতিতে বাংলাদেশের সফল ক্ষুদ্রঋণ মডেল প্রয়োগের বিষয়ও গুরুত্ব পায়।
জিবুতির প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসের প্রশংসা করে পূর্ব আফ্রিকার দেশটিতে সফরের আমন্ত্রণ জানান।
আবদুল কাদের কামিল মোহাম্মদ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ক্ষুদ্রঋণ ব্যবস্থা চালু করার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছেন বলে বাংলাদেশের একটি সংবাদপত্র জানিয়েছে। সংবাদপত্রটি জানাচ্ছে, জিবুতি একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাতে পারে, যাতে তারা সরাসরি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের কার্যক্রম দেখে অভিজ্ঞতা অর্জন করতে পারে।
অধ্যাপক ইউনূস জিবুতির প্রধানমন্ত্রীকে জানান, বাংলাদেশের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো সারা বছর প্রশিক্ষণ কার্যক্রম চালায়, যেখান থেকে আগত কর্মকর্তারা উপকৃত হতে পারেন।
বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
রিপোর্টার্স২৪/এসসি