রিপোর্টার্স২৪ ডেস্ক: জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করে বলেছেন, ' প্রশাসনকে আবারও দলীয়করণের চেষ্টা চলছে। 'দলীয়করণের মাধ্যমে ডিসি, এসপি ও ইউএনও নিয়োগ দেয়া হচ্ছে। সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষের হয়ে নিয়োগ নিয়ন্ত্রণ করছে। কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত আছে, আমাদের কাছে এর রেকর্ড আছে।'
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর মৎসভবনের সামনের সড়কে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তাহের আরও দাবি করেন, 'যেসব উপদেষ্টা একটি দলকে বিশেষ সুযোগ করে দিচ্ছেন, তাদের প্রত্যাহার করুন। নভেম্বরে গণভোট দিন। পিআর দাবি মেনে নিন। খুনিদের বিচার করুন। সুষ্ঠু ও ন্যায়পরায়ণ বিচার করুন। যেনতেন বিচার জামায়াত চায় না।'
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, প্রশাসনের ভেতরে চলমান ষড়যন্ত্র ঠেকাতে হবে এবং এই বিষয়ে দ্রুত মনোযোগ দিতে হবে, নাহলে 'নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে'।
জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হওয়ার হাত থেকে রক্ষা করতে গণভোটকে বিকল্প হিসেবে উল্লেখ করে তিনি বলেন, স্বেচ্ছাশক্তি থাকলে ২১ দিনেই গণভোট করা সম্ভব এবং নির্বাচনের আগে গণভোট হলে সম্ভাব্য ত্রুটি ধরা পড়বে।
তাহের জানান, '৫ দফা দাবি আদায়ের জন্য যা যা দরকার সব করবো পর্যায়ক্রমে'। তিনি বলেন, 'জামায়াত দখলবাজি করে না, চাঁদাবাজি করে না। জামায়াত জনগণের জন্য রাজনীতি করে। জামায়াত ক্ষমতায় গেলে কৃষকের সব ঋণের সার্টিফিকেট মামলা তুলে ফেলা হবে।'
রিপোর্টার্স২৪/এসসি