ডিপ্লোম্যাটিক রিপোর্টার : মাইক্রোফাইন্যান্স বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে পরামর্শ চেয়েছেন পূর্ব আফ্রিকার দেশ জিবুতির প্রধানমন্ত্রী আব্দুল কাদের কামিল মোহাম্মেদ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দফতরে আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামের (ডব্লিউএফএফ) মূল অনুষ্ঠানের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠকে মাইক্রোফাইন্যান্স নিয়ে পরামর্শ চান জিবুতির প্রধানমন্ত্রী।
মুসলিম-প্রধান পূর্ব আফ্রিকার এ দেশটি মাইক্রোফাইন্যান্স কৌশল গ্রহণে গভীর আগ্রহ প্রকাশ করেছে। অধ্যাপক ইউনূস এ আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, জিবুতি বাংলাদেশে একটি প্রতিনিধিদল পাঠাতে পারে যাতে তারা দেশের মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো থেকে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করতে পারে।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো সারা বছর প্রশিক্ষণ আয়োজন করে, যা পরিদর্শনকারী কর্মকর্তাদের জন্য অত্যন্ত উপকারী হতে পারে।
বৈঠকে দুই নেতা পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপায়, জিবুতিতে বাংলাদেশের সফল মাইক্রোফাইন্যান্স মডেল প্রয়োগ, আঞ্চলিক ভূরাজনীতি এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে উপস্থিত জিবুতির মাইক্রোফাইন্যান্সবিষয়ক মন্ত্রীও মাইক্রোফাইন্যান্স ব্যবস্থার বাস্তবায়ন সংক্রান্ত নানা বিষয়ে অধ্যাপক ইউনূসের পরামর্শ চান।