নেত্রকোণা প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সিরিয়াল কিলাররা কে কোন পদে, কোন প্রতিষ্ঠানে আছে দেখার বিষয় না। এ সকল সিরিয়াল কিলারের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র নেত্রকোণা জেলার সমন্বয় সভায় শহরের বড় বাজারের একটি রেস্টুরেন্টে প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের মাধ্যমে সম্ভবত ২৫ জন অফিসারের বিরুদ্ধে অভিযোগ এসেছে। আমরা মনে করি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের উচিত তাদের জায়গা থেকে ইন্টিগ্রিটি, ডিগনিটি, এবং স্বতন্ত্র থাকা। আমরা এই প্রতিষ্ঠানটিকে সবসময় মর্যাদাপূর্ণ অবস্থানে দেখতে চাই। কিন্তু ওই প্রতিষ্ঠানের কিছু অফিসারকে ব্যবহার করে খুনি হাসিনা এবং তার পুরো সরকার বিগত সময়ে অসংখ্য খুন গুম ও বিচারবহির্ভূত হত্যা এগুলো ঘটিয়েছে।
আয়নাঘরের অসংখ্য নির্মমতা আমরা দেখেছি। আমরা দেখেছি যে শুধুমাত্র একজন অফিসার ১০৩০ জন জনকে হত্যা করেছে। যেটি ট্রাইব্যুনাল থেকে এসেছে। এরা এক ধরনের সিরিয়াল কিলার। এ সকল সিরিয়াল কিলাররা কে কোন পদে, কোন প্রতিষ্ঠানে আছে তা দেখার বিষয় না। এ সকল সিরিয়াল কিলারদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
সারজিস আলম আরো বলেন, আমরা আহ্বান করব বাংলাদেশ সেনাবাহিনী তাদের জায়গা থেকে এই সিরিয়াল কিলারদের দায়ভার গ্রহণ করবে না এবং তাদেরকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় যেভাবে হস্তান্তর করা দরকার সেটা করবে এবং বিচারক প্রক্রিয়ায় হযোগিতা করবে। আমরা চাই বাংলাদেশ সেনাবাহিনী সকল ধরনের কলুষিত অবস্থা থেকে মুক্ত থাকুক এবং যারা এ ধরনের হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত তারা যে পদেই থাকুক, যে প্রতিষ্ঠানেই থাকুক তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ ও কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান।
রিপোর্টার্স২৪/এসএন