সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ( বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, আজ আমরা এখানে একত্রিত হয়েছি সাইবার সিকিউরিটি সচেতনতা মাস-অক্টোবর ২০২৫ উদযাপনের অংশ হিসেবে। বর্তমান সময়ে সাইবার নিরাপত্তা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বব্যাপী সাইবার আক্রমণ ও সাইবার ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিশ্বজুড়ে অক্টোবর মাসব্যাপী সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উদযাপন উপলক্ষে বেবিচকের সদর দপ্তরে এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বিমান চলাচল খাতের প্রতিটি সদস্যের জন্য সাইবার নিরাপত্তা রক্ষা ও ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ একটি মৌলিক দায়িত্ব। আমাদের প্রতিদিনের কাজের সামান্য অবহেলাও বড় ধরনের সাইবার ঝুঁকি তৈরি করতে পারে। তাই প্রত্যেকে সচেতন থেকে এবং মৌলিক সুরক্ষা বিধি মেনে চলার মাধ্যমে একটি নিরাপদ ও নির্ভরযোগ্য সাইবার পরিবেশ গড়ে তোলা সম্ভব। সাইবার নিরাপত্তা এখন সময়ের দাবি এবং এটি কেবল আইটি বিশেষজ্ঞদের নয় বরং প্রত্যেকের দায়িত্ব।
বেবিচক চেয়ারম্যান বলেন, বিমান চলাচল একটি বৈশ্বিক ক্ষেত্র, যেখানে প্রতিটি দেশের কার্যক্রম পরস্পরের সঙ্গে যুক্ত। কোনো একটি প্রতিষ্ঠানে সাইবার আক্রমণ ঘটলে তার প্রভাব আন্তর্জাতিক পর্যায়েও পড়তে পারে। তাই সাইবার নিরাপত্তা এখন সময়ের দাবি এবং এটি কেবল আইটি বিশেষজ্ঞদের নয়, বরং প্রত্যেকের দায়িত্ব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেবিচক সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্বুব খান। অনুষ্ঠানে ব্যানার প্রদর্শন, লিফলেট বিতরণ, ‘নিরাপদ অনলাইন জীবন’ শীর্ষক উপস্থাপনা, কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণসহ নানা আয়োজন করা হয়।
এ সময় বেবিচকের সদস্য, পরিচালক, উপপরিচালক, বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব