রিপোর্টার্স২৪ ডেস্ক : বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান পিছিয়ে ১০০তম স্থানে। বাংলাদেশের পাশাপাশি একই স্থানে রয়েছে উত্তর কোরিয়া—দুটি দেশের নাগরিকই বিশ্বের মাত্র ৩৮টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ ককরতে পারেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ পাসপোর্ট সূচকে এই তথ্য জানানো হয়। তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, যার নাগরিকরা ১৯৩টি দেশে ভিসামুক্ত বা অন–অ্যারাইভাল ভিসা সুবিধা পান।
দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ কোরিয়া (১৯০ দেশ) এবং তৃতীয় স্থানে জাপান (১৮৯ দেশ)।
সূচকের সর্বশেষ অর্থাৎ ১০৬তম স্থানে রয়েছে আফগানিস্তান, যার নাগরিকরা মাত্র ২৪টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন। হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে, আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)–এর তথ্যের ওপর ভিত্তি করে এ সূচক তৈরি করা হয়। এতে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য বিশ্লেষণ করা হয়েছে, যেখানে প্রতিটি দেশের নাগরিক কোন কোন দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন তা নির্ধারণ করা হয়।
বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাসপোর্ট র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখনও অনেক নিচে, যা আন্তর্জাতিক সংযোগ ও কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম