রিপোর্টার্স ২৪ ডেস্ক: জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কয়েক মাসের আলোচনার পর তারা সনদে সই করবে না বলেও জানিয়েছে।
অন্যদিকে,সনদে সই করবে বিএনপি ও তাদের সমমনা আটটি দল । জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে সনদে সইয়ের বিষয়ে সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি। তবে দলের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, তাদের সইয়ের সম্ভাবনা জোরালো।
এনসিপি বলেছে, সংস্কারের জন্য গণভোট, সংস্কার প্রস্তাবের ভাগ্যগুলোর মতো গুরুত্বপূর্ণ বিষয় ঠিক না হলে এখন সনদে সমর্থন দেওয়ার কোনো অর্থ হবে না।
পরে ফেসবুকে এনসিপির ফেসবুজ পেজে দেওয়া বিবৃতিতে বলা হয়, 'জুলাই সনদ সই অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করবে না। এনসিপি মনে করে, এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না। এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে।
এতে বলা হয়, এনসিপি বহুবার স্পষ্টভাবে আইনি ভিত্তির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার পূর্বে এ ধরনের আনুষ্ঠানিকতা 'জুলাই ঘোষণাপত্রে'র মতো আরেকটি একপক্ষীয় দলিলে পরিণত হবে।
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানোর কথা উল্লেখ করে বার্তায় বলা হয়েছে, 'এনসিপি কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নিজেদের অবস্থান তুলে ধরবে। দাবি পূরণ হলে পরবর্তীতে এনসিপি স্বাক্ষর প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে।'
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, জাতীয়তাবাদী সম্মিলিত জোটের সমন্বয়কারী ফরিদুজ্জামান ফরহাদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মহাসচিব মমিনুল আমিন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান নিশ্চিত করেন, তাদের দল সনদে সই করবে।
বামপন্থী চার দল— বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি এবং বাসদ (মার্কসবাদী) এক যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা করেছে, তারা সনদে সই করবে না।
বামপন্থী দলগুলো সংবিধানের ষষ্ঠ ও সপ্তম তফসিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২৬ মার্চ জারি করা স্বাধীনতার ঘোষণাপত্র এবং ১০ এপ্রিল, ১৯৭১ সালে মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র বাদ দেওয়ার প্রস্তাবেরও বিরোধিতা করে।
রিপোর্টার্স২৪/এসসি