স্টাফ রিপোর্টার: জুলাই সনদ প্রসঙ্গের শুরু থেকে পক্ষে বিপক্ষে নানা মত তৈরি হয়েছিলো। কোনো কোনো রাজনৈতিক দল শুরুতে এই সনদের বিরোধীতা করে আসছিলো। আবার কেউ কেউ এই সনদকেই সাংবিধানিক রুপ দেয়ার কথা বলে আসছিলো। অবশেষে নানা চড়াই উৎরাই পেড়িয়ে অনুষ্ঠিত হলো জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৫টায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’এ বিভিন্ন দলের পক্ষে স্বাক্ষর করেন অনেকেই। এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের সদস্যরাও সনদে সই করেছেন।
বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসানসহ বিভিন্ন দলের নেতারা জুলাই সনদে সই করেছেন।
কিন্তু জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে সই করেনি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ জুলাই সনদে সই করেনি।
জামায়াতে ইসলামী এই অনুষ্ঠানে যোগ দেবে কিন্তু সই করবে না’-দলের পক্ষ থেকে এমন প্রচারণা থাকলেও অনুষ্ঠানে উপস্থিত হয়ে সনদে স্বাক্ষর করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এছাড়া জাতীয় পার্টিকে শুরু থেকেই ‘জুলাই সনদ’র আলোচনায় ডাকা হয়নি। এমনকি এই অনুষ্ঠানেও আমন্ত্রণ জানানো হয়নি। তাই তাদের এই সনদে স্বাক্ষর করার সুযোগ তৈরি হয়নি।
রিপোর্টার্স২৪/ধ্রুব