রিপোর্টার্স২৪ ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষকরা বাড়িভাড়া বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে আন্দোলন করছেন। এই আন্দোলনের অংশ হিসেবে আজ শুক্রবার (১৭অক্টোবর) আমরণ অনশন শুরু করেছেন তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর ২টায় শুরু হয় এই অনশন কর্মসূচি।
জাতীয় নাগরিক পার্টির স্বাস্থ্য উইং শিক্ষকদের এই অনশন কর্মসূচিতে মেডিক্যাল সুবিধা দেবে। আজ শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনসিপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে পাঁচদিন যাবত শিক্ষকরা মাঠে থেকে আজ ষষ্ঠ দিন তারা শহীদ মিনারে অনশন করছেন। ইতোমধ্যে অনেকেরই স্বাস্থ্যগত অবস্থা অবনতির দিকে যাচ্ছে। এই শিক্ষকদের কথা বিবেচনা করে জাতীয় নাগরিক পার্টির হেলথ উইং এর প্রধান ডা. মো. আব্দুল আহাদ এর নেতৃত্বে একটি মেডিক্যাল টিম সার্বক্ষণিকভাবে শিক্ষকদের পাশে থাকবেন।
গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করলে তা প্রত্যাখ্যান করে শিক্ষকরা তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন। এরপর ১৩ অক্টোবর প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করলে আন্দোলন আরো বিস্তৃত হয়। সেই থেকেই শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
গতকাল শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষকদের প্রতিনিধিদলের বৈঠক হয়। তবে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আজ থেকে অনশন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
রিপোর্টার্স২৪/ আয়েশা