স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরের দিনে জুলাই শহীদ পরিবারগুলোকে রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জার। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা জুলাই শহীদ পরিবার ও আহতদের রাস্তায় নামতে বাধ্য করেছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে মিরপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে জামায়াতের মতো আর কাউকে জুলুমের শিকার হতে হয় নি। তাই জুলাই মজলুমদের কষ্ট আমরাই সবচেয়ে ভালো বুঝি। অনেকের দাবি মেনে নেয়া হচ্ছে অথচ জুলাই যোদ্ধারা বঞ্চিত হচ্ছে।
জামায়াতে ইসলামের আমীর বলেছেন, দেশের শ্রমিক সমাজকে ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। আওয়ামী-ফ্যাসিবাদী অপশাসন ও দুঃশাসন থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে ছাত্র-জনতার সঙ্গে শ্রমিক সমাজ রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আগস্ট বিপ্লব হঠাৎ ঘটে নি। এর জন্য অনেক ত্যাগ ও কুরবানি প্রয়োজন হয়েছে। ছাত্র, তরুণ-যুবক ও শ্রমিক সমাজের অনেকেই রাজপথে জীবন দিয়েছেন, হাজারো মানুষ আহত বা পঙ্গুত্ব বরণ করেছেন। অনেকে ব্যবসা-বাণিজ্য, চাকরি ও জীবিকার অনুসঙ্গ হারিয়েছেন। বহু মানুষকে ভিটে থেকে উৎখাত করা হয়েছে। বিরোধী মতের লোকজনকে বাড়িঘর ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে আশ্রয়হীন করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘জুলাই বিপ্লবের এক হাজার শহীদ আমাদের তালিকায় আছে, যার ৬০ শতাংশ শ্রমিক শ্রেণির মানুষ। অন্যরা ৪০ শতাংশ। অধিকাংশ শ্রমিকই প্রান্তিক শ্রেণির। দেশের ক্রান্তিকালে শ্রমিক সমাজ সবসময় ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। তাই ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় শ্রমিকদের ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। জুলাই বিপ্লবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদের সাংবিধানিক স্বীকৃতি দিচ্ছে না। সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিলে বিপ্লব ও বিপ্লবীদের যথাযথ সম্মান নিশ্চিত হবে। সরকারের ব্যর্থতার কারণে আবারও তাদেরকে রাজপথে নামতে হচ্ছে। যারা দাবিতে অবস্থান নিয়েছে, তাদের সাথে সরকারের আচরণ আমাকে লজ্জিত ও ব্যথিত করেছে। জনগণ এ বিষয়ে আর কোনো টালবাহানা মেনে নেবে না।’
ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, ‘জুলাই বিপ্লব পূর্ব বাংলাদেশে মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট ও জুলুমবাজীতে দেশ ছেয়ে ছিল। ফ্যাসিবাদের পতনের পরও অন্তর্বর্তী সরকার দুর্নীতি ও অনিয়ম রোধে ব্যর্থ হয়েছে। জনগণকে শান্তি ও নিরাপত্তা দিতে পারেনি।’ জামায়াত জুলাই আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত কারো বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নেয় নি বলেও উল্লেখ করেন জামাতে ইসলামীর আমির।
রিপোর্টার্স২৪/ধ্রুব