নাটোর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আসন্ন এয়োদশ জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনকে হালকা ভাবে দেখার কোন সুযোগ নাই। তাই এই নির্বাচন কে নিয়ে এখনো ষড়যন্ত্র-চক্রান্ত অব্যাহত আছে।
আজ শনিবার বেলা ১১ টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে নাটোর সদর পৌর ও নলডাঙ্গা উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, জুলাই সনদ নিয়ে অনেক রকম ঝামেলার সৃষ্টি হয়েছে। দুই একটি রাজনৈতিক দল ছাড়া বাংলাদেশের বিএনপি জামায়াতসহ সকল রাজনৈতিক দল সেই সনদে সই করেছে। যাদের ত্যাগ যাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন তাদের ব্যাপারে কিছু দিক নির্দেশনামূলক সিদ্ধান্তই হচ্ছে জুলাই সনদ।
তিনি আরও বলেন, জুলাই সনদকে কেন্দ্র করে একটা বিভাজন বিভেদ সৃষ্টির পায়তারার চেষ্টা চলছে। আমরা আশা করি ষড়যন্ত্রের নিরসন হবে এবং আমরা আশা করছি নির্ধারিত সময়ে বাংলাদেশে নির্বাচন হবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, সদস্য কাজী শাহ আলম, শহিদুল ইসলাম বাচ্চু, শহিদুল্লাহ সোহেল, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম মাষ্টার, সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ দলের নেতা কর্মীরা।
রিপোর্টার্স২৪/আরকে