| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইনে পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই : ব্যারিস্টার কাজল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৫ ইং | ০৮:৫৭:১৩:পূর্বাহ্ন  |  ১৪০২৮৩৮ বার পঠিত
আইনে পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই : ব্যারিস্টার কাজল

ঝিনাইদহ প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, বিদ্যমান সাংবিধানিক আইনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের সুযোগ নেই। কারণ পিআর পদ্ধতিতে নির্বাচন করে ইতালি, ইসরাইল ও বেলজিয়ামসহ বিশ্বের বহু উন্নত দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অল্পদিনের মধ্যে সরকারের পতন হয়েছে। তাছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সমাজের অনেক খারাপ মানুষ আইন প্রণেতা হওয়ার সম্ভাবনা থাকে।

শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১ টার সময় কোটচাঁদপুরের পৌর পাঠাগারে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জামায়াত তাদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পিআর পদ্ধতির দাবিতে কর্মসূচি পালন করলেও এটা তাদের নির্বাচনী কৌশল। শেষ পর্যন্ত তারাও বিদ্যমান আইনে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত ও ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়ে আইন অনুযায়ী রিভিউ করার সুযোগ রয়েছে। তবে সেটা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের এখতিয়ার ভুক্ত।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল মহেশপুর ও কোটচাঁদপুরের উন্নয়ন ভাবনা তুলে ধরে বলেন, এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও স্বনির্ভর অঞ্চল গড়ে তুলতে চাই। উন্নয়ন শুধু রাস্তা-ঘাট নির্মাণ নয়, এটি মানুষের নীতি-নৈতিকতা ও সামাজিক নিরাপত্তার সঙ্গেও জড়িত।

কাজল জানান, দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার করেছেন তার মধ্যে ‘মহেশপুর সীমান্ত এলাকায় শিক্ষার প্রসার, কোটচাঁদপুরে খেলা দেখার স্টেডিয়াম ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানা গড়ে তোলা এবং দত্তনগর কৃষি ফার্ম ও বলুহর মৎস্য প্রজেক্টকে গবেষণাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।

মনোনয়ন না পেলে স্বতন্ত্র  নির্বাচন করার সুযোগ নাই। দল যাকে মনোনয়ন দিবে তার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। রাষ্ট্রীয় অবকাঠামো বিনির্মাণে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ভূমিকা রাখার জন্য দলীয় নেতা কর্মীকে আহবান জানান তিনি।

ব্যারিস্টার কাজল বলেন, ১৯৯১ সালে বিএনপির সাবেক সংসদ সদস্য মাস্টার শহীদুল ইসলাম নির্বাচিত হওয়ার পর এই এলাকায় ব্যাপক উন্নয়ন করেছিলেন। কিন্তু ২০০৮ সালের পর উন্নয়নের ধারা থেমে গেছে। আমি নির্বাচিত হলে আবারও উন্নয়নের ধারা ফিরিয়ে আনব। তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসলে আগস্ট বিপ্লবে অংশীজনদের নিয়ে বিশেষ করে যারা হাসিনাকে পালাতে বাধ্য করেছে সেই বিপ্লবীদের নিয়ে সরকার গঠন করবে বিএনপি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কমিটমেন্ট হচ্ছে, সবাইকে নিয়ে দেশ পরিচালনা করবেন।

তিনি জানান, মহেশপুর হাইস্কুল থেকে এসএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর এবং পরে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন তিনি। দীর্ঘদিন আইন পেশায় কাজের পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনেও সক্রিয় ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে বাংলাদেশের লোক ভোট দিতে পারেনি। তারা নির্বাচনের জন্য মুখিয়ে আছেন। প্রশাসনে ফ্যাসিস্টদের দোসর থাকলেও ১৭ বছর ধরে নির্যাতিত রাজনৈতিক নেতাদের ঐক্যবদ্ধ প্রয়াসে স্বচ্ছ এবং নিরপেক্ষ ভোট সম্ভব বলে তিনি বিশ্বাস করেন।

এ সময় ঝিনাইদহ জেলায় কর্মরত সাংবাদিকসহ বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪