রিপোর্টার্স২৪ ডেস্ক : জামায়াতে ইসলামীর বক্তব্য আর কর্মকাণ্ডের মধ্যে কোনো সামঞ্জস্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সহ–আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।
তিনি বলেন, জামায়াত বলে এক, করে আরেক, ভাবে আরেক, দৃশ্যমান করে এক, অদৃশ্য থাকে আরেক। এনসিপি, বিএনপি বা আওয়ামী লীগ—যে দলই হোক না কেন, অন্তত তারা যা বলে, তার সঙ্গে কিছুটা হলেও কাজের মিল পাওয়া যায়। কিন্তু জামায়াতের ক্ষেত্রে সেটা একেবারেই নেই। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে পিআর ইস্যুতে জামায়াতের প্রসঙ্গ টেনে তিনি এসব মন্তব্য করেন।
এ সময় এনসিপির প্রতীক ইস্যু নিয়েও কথা বলেন রুমিন ফারহানা। তিনি বলেন, “গণঅভ্যুত্থানের পর এনসিপি একটি নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। মানুষের দোয়া ও ভালোবাসা দলটির সঙ্গে আছে, কিন্তু শাপলা প্রতীক নিয়েই যে তারা একেবারে অনড় অবস্থানে গেছে, সেটা অবাক করার মতো। শাপলা প্রতীক পেলেই কি ভোট বেশি পাওয়া যাবে? বা জেতার সম্ভাবনা বাড়বে?
তিনি আরও বলেন, একটা প্রতীক তখনই ব্র্যান্ডে পরিণত হয়, যখন দীর্ঘ সময়ের কর্মকাণ্ডে সেই দল গণমানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করে। যেমননৌকা ও ধানের শীষ বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে মানুষের মননে গেঁথে গেছে। শাপলা বা পদ্ম, যেটাই হোক, সেটাকে সেই জায়গায় পৌঁছাতে সময় ও বিশ্বাসের প্রয়োজন।
রুমিন ফারহানা বলেন, এখন যদি শাপলা প্রতীক না দেওয়া হয়, তাহলে মনে হবে নির্বাচনের আগেই এনসিপি পরাজয় মেনে নিয়েছে। আর এই পরাজয়টা তারা নিজেরাই বরণ করে নিচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম