লক্ষ্মীপুর প্রতিনিধি: জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, বাংলাদেশ দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন হয়েছে। যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে, তাদের কারণেই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রেজাউল করিম বলেন, “ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর কিংবা বড় ডিগ্রিধারী দিয়ে বাংলাদেশের পরিবর্তন হবে না। যারা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে রাজনীতি করেন, সচিব হয়েছেন, কিংবা রাষ্ট্র পরিচালনা করেন—তাদের কারণেই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে। আমরা দুর্নীতিকে জিরোতে নামিয়ে আনতে চাই। সব জায়গায় দুর্নীতিকে ‘না’ বলতে হবে। আমরা কেউ দুর্নীতি করবো না। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে।”
তিনি আরও বলেন, “আমরা শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে একটি বাংলাদেশের স্বপ্ন দেখি। নবীনরা শুধু জ্ঞানের আলো জ্বালাবে না, সেই জ্ঞানের সঙ্গে নৈতিকতার আলোকিত শক্তি দিয়ে গোটা জাতিকে গড়ে তুলতে হবে।”
চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শিবিরের সভাপতি আইয়ুব হোসেন ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, লক্ষ্মীপুর শহর শিবিরের সভাপতি একে এম ফরিদ উদ্দিন প্রমুখ।
রিপোর্টার্স২৪/এসএন