| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দারিদ্র্য ও বেকারত্ব মোকাবেলায় কাজ করবে ‘আমাদের মানিকগঞ্জ’: দিপক

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮২২৪৪৬ বার পঠিত
দারিদ্র্য ও বেকারত্ব মোকাবেলায় কাজ করবে ‘আমাদের মানিকগঞ্জ’: দিপক
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার : দারিদ্র্য মুক্ত ও বেকার সমস্যা নিরসনে মানিকগঞ্জের আপামর জনসাধারণকে একটি প্ল্যাটফর্মে একত্রিত করতে যাত্রা শুরু করেছে নতুন সামাজিক সংগঠন “আমাদের মানিকগঞ্জ”। মো. জহিরুল ইসলাম দিপককে সভাপতি এবং মাহমুদুল ইসলাম মামুনকে সাধারণ সম্পাদক করে সংগঠন টির কমিটি ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি সংগঠনটির অস্থায়ী অফিস শহরের বিবেকানন্দ ক্লাবে এক সভায় সকল সদস্যের উপস্থিতি ও অনুমতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের সভাপতি মো. জহিরুল ইসলাম দিপক রিপোর্টার্স২৪-কে বলেন, “আমাদের মানিকগঞ্জ” মূলত একটি সামাজিক সংগঠন। আমরা সমাজের দরিদ্র শ্রেণির মানুষের আর্থিক উন্নয়নের লক্ষ্যে কাজ করব। বিশেষ করে বর্তমানে বেকারত্ব যেভাবে দিন দিন বাড়ছে, সেই সমস্যা সমাধানে আমাদের সংগঠনের মাধ্যমে কাজ করা হবে।

তিনি আরও বলেন, আমরা যারা প্রকৃত ভাবে জন্ম সূত্রে মানিকগঞ্জের মানুষ, আমরা যেন হারিয়ে না যাই-এই ভাবনা থেকেই আমাদের এই সংগঠন গড়ে তোলা হয়েছে। যাতে আগামী প্রজন্ম, যারা মানিকগঞ্জের স্থায়ী বাসিন্দা, তাদেরকে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে একত্রিত করতে পারি।

সংগঠনের সভাপতি আরও বলেন, “আমাদের মানিকগঞ্জ” হবে একটি মানবিক প্ল্যাটফর্ম, যেখানে দরিদ্র, সুবিধাবঞ্চিত ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাস্তবধর্মী উদ্যোগ গ্রহণ করা হবে। সংগঠনটি ভবিষ্যতে জেলার বিভিন্ন উপজেলায় শীতবস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা, কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ এবং স্বাবলম্বীকরণ প্রকল্প চালুর পরিকল্পনা গ্রহণ করেছে।

সংগঠনের প্রাথমিক কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে জহিরুল ইসলাম দিপক বলেন, সমাজের কিছু নিম্নবিত্ত পরিবার আছে, যারা তাদের সন্তানদের লেখাপড়া করাতে পারেনা। তাদের জন্য আমরা বৃত্তির ব্যবস্থা করেছি, ফ্রি এডুকেশনের ব্যবস্থাও গ্রহণ করেছি। প্রথমে প্রাথমিক স্তরের জন্য এই উদ্যোগ নেওয়া হলেও ভবিষ্যতে তা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সংগঠন পরিচালনার জন্য আর্থিক উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সকলের সম্মতিক্রমে সদস্যদের কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ চাঁদা সংগ্রহ করা হবে। পাশাপাশি মানিকগঞ্জের অনেক প্রতিষ্ঠিত ধনী ও রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তাদের সহায়তায় আমাদের মানবিক কার্যক্রম পরিচালিত হবে।

সংগঠন প্রতিষ্ঠার পর জনসাধারণের প্রতিক্রিয়া কেমন জানতে চাইলে দিপক বলেন, আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো সাড়া পাচ্ছি। সবাই বলছেন, এতদিনে আমরা মানিকগঞ্জের অস্তিত্ব নিয়ে গর্ব করতে পারব। নন-পলিটিক্যাল ও নন-প্রফিটেবল সংগঠন হওয়ায় দল-মত নির্বিশেষে সবাই এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে পারবে। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রতিশ্রুতি আমরা দিচ্ছি।

ভবিষ্যতে জাতীয় পর্যায়ে কাজ করার পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে সংগঠনের সভাপতি বলেন, আশা নিয়েই মানুষ বাঁচে। আমাদের অবশ্যই জাতীয় পর্যায়ে কাজ করার পরিকল্পনা রয়েছে। শুরুতে আমরা মানিকগঞ্জের জন্য কাজ করব, কিন্তু ভবিষ্যতে দেশের যেকোনো দুর্যোগ মোকাবেলায় ‘আমাদেরমানিকগঞ্জ’ অগ্রণী ভূমিকা পালন করবে।

সবশেষে, সংগঠনের পক্ষ থেকে মানিকগঞ্জবাসীকে আহ্বান জানিয়ে তিনি বলেন, যে যার অবস্থান থেকে মানবিক দায়িত্ববোধ নিয়ে ‘আমাদের মানিকগঞ্জ’-এর পাশে দাঁড়ান, যাতে একসঙ্গে গড়ে তোলা যায় দারিদ্র্য ও বেকারত্বমুক্ত একটি মানবিক মানিকগঞ্জ। আমরা একটি প্ল্যাটফর্ম থেকে দল-মতনির্বিশেষে এক হয়ে মানিকগঞ্জবাসীর কল্যাণে কাজ করব।

উল্লেখ্য, মো. জহিরুল ইসলাম দিপক “আমাদের মানিকগঞ্জ” সংগঠনের পাশাপাশি শাবিশ সংগীত বিদ্যালয়, আব্বাস সংগীত বিদ্যালয়, দুর্জয় সাংস্কৃতিক গোষ্ঠী, বিবেকানন্দ জাগরণী সংঘ, বলাকা স্পোর্টিং ক্লাবসহ বেশ কিছু ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪