| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামী নভেম্বরে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে: মিয়া গোলাম পরওয়ার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৫ ইং | ১৩:১৫:০৯:অপরাহ্ন  |  ১২৮৭৭৫৫ বার পঠিত
আগামী নভেম্বরে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি   নিশ্চিত করতে হবে:  মিয়া গোলাম পরওয়ার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ একটি ইতিবাচক অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, নির্বাচনের মাধ্যমে নতুনভাবে নির্বাচিত কোনো শাসক যাতে কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, ফ্যাসিবাদী না হয়ে ওঠে। সে লক্ষ্যে জনপ্রশাসন, মাঠপর্যায়ের প্রশাসন, বিচারব্যবস্থা, ইলেক্টোরাল সিস্টেম, দুর্নীতি দমন কমিশনসহ সরকারের ছয়টি অঙ্গকে পুনর্গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে খুলনা-৫ আসনের শাহপুর আঞ্চলিক অফিসে ডুমুরিয়া উপজেলার ধামালিয়া, রঘুনাথপুর ও রুদাঘরা ইউনিয়নের ভোটকেন্দ্র প্রতিনিধি সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সরকার ছয়টি কমিশন করে বহু সংস্কার প্রস্তাব দিয়েছিল। এর মধ্যে আমরা সব রাজনৈতিক দল একত্রে আলাপ-আলোচনার মাধ্যমে মোট ৮৪টি বিষয়ে একমত হয়েছি। এটি জুলাই চার্টার হিসেবে গণ্য করা হয়েছে। আরও প্রায় ২০টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য রয়েছে। আমরা ঐকমত্য কমিশনকে বলেছি, কীভাবে আরও সহজভাবে কিছু বিষয় যুক্ত করা যায়। এখন সরকার আগামী নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে দ্রুত সময়ের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করবে, যার ওপর নির্ভর করে আগামী নির্বাচিত সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে।

গোলাম পরওয়ার বলেন, সরকার ও ঐকমত্য কমিশনের প্রধান হিসেবে আমরা প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছি আগামী নভেম্বরে গণভোটের মাধ্যমে এই জুলাই সনদের আইনগত ভিত্তি ঠিক করতে হবে।

এছাড়া রংপুর ইউনিয়নে এক অনুষ্ঠানে সেক্রেটারি জেনারেল আরও বলেন, তাগুতের সব ষড়যন্ত্রকে মেধার শক্তি ও নৈতিক আদর্শ দিয়ে মোকাবিলা করতে হবে। আজকাল দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় জামায়াত-শিবিরকে জড়িয়ে বিভিন্ন প্রকার মিথ্যা ও ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে। তথ্যপ্রযুক্তির যথাযথ জ্ঞান অর্জন করে বিরোধীদের অপপ্রচারের সঠিক ও তথ্যভিত্তিক জবাব দিতে হবে।

ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুতে ছাত্রশিবির তার প্রতিভার স্বাক্ষর রেখেছে। সারা দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্র সংসদে ছাত্রশিবিরের এই অগ্রযাত্রা ধরে রাখতে হবে। ইসলামী ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সমস্যায় সবসময় পাশে থাকবে। লেখাপড়ার পাশাপাশি আগামী নির্বাচনেও ছাত্রশিবির তাদের প্রতিভার স্বাক্ষর রাখবে বলে আমি আশা করি। তথ্যপ্রযুক্তির মাধ্যমে জামায়াতের কল্যাণমুখী দেশগঠনের ইতিবাচক রাজনীতি জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি ময়দানেও ব্যালট বিপ্লবে ভূমিকা রাখবে।

একটি পক্ষ জামায়াতের গণজোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চালাচ্ছে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না। জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না। কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের বেকারত্ব দূর করা হবে। সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হলে হিন্দু-মুসলিম সবাই ভালো থাকবেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে তিনটি দল আওয়ামী লীগ ২১ বছর, বিএনপি ১৫ বছর এবং জাতীয় পার্টি ৯ বছর ক্ষমতায় ছিল। তারা দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি, করেছে নিজেদের পরিবর্তন। ক্ষমতায় যায়নি শুধু জামায়াতে ইসলামী। এবার জামায়াতে ইসলামিকে ভোট দিয়ে পরীক্ষা করুন। এ কথা বলতে পারি, জামায়াত ঘুষ, চাঁদাবাজি, সন্ত্রাস করে না। দেশে দুর্নীতি ও লুটপাট থাকবে না। দেশের মানুষকে ভালো রাখবে।



রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪