মাদারীপুর প্রতিনিধি : শান্তি ও স্থিতিশীলতার আহ্বান জানিয়ে এবং দেশব্যাপী জনসমর্থন বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুরে র্যালি ও জনসভা করেছে জাকের পার্টি।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন জাকের পার্টির আয়োজনে সারিস্তাবাদ নতুন বাজার হাজী আফতাব উদ্দিন মিনা উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকপাড়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মো. সরোয়ার হাওলাদার। সঞ্চালনা করেন মাদারীপুর জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি মো. ফায়েক মাতুব্বর।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক বিভাগের সভাপতি মো. সামছুল আলম সিরাজ মুন্সি, মাদারীপুর জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান আকন, যুব ফ্রন্টের জেলা সভাপতি এস. এম. মাসুদ উদ্দিন আহমেদ, ফরিদপুর বিভাগের ছাত্র ফ্রন্টের সভাপতি সোহানুর রহমান সুজন জমাদ্দার, শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি নজরুল ইসলাম মোল্লা, ছাত্র ফ্রন্টের রাজৈর উপজেলা সভাপতি সেলিম শেখ এবং জাকের পার্টি রাজৈর উপজেলা সভাপতি শাহাদাত হোসেন (মাতু) প্রমুখ।
বক্তারা বলেন, সারা দেশের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে গত ২০ সেপ্টেম্বর থেকে ইউনিয়নভিত্তিক জনসভা শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ পাইকপাড়া ইউনিয়নে এ জনসভা অনুষ্ঠিত হলো।
তারা আরও বলেন, জাকের পার্টি একটি আদর্শভিত্তিক দল। ক্ষমতা আমাদের মূল লক্ষ্য নয়— আমাদের লক্ষ্য দেশের ১৮ কোটি মানুষের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা।
বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির প্রতীক ‘গোলাপ ফুল’-এ ভোট দেওয়ার আহ্বান জানান।
রিপোর্টার্স২৪/এসএন