মানিকগঞ্জ প্রতিনিধি : “নীতি ও আদর্শ ছাড়া রাজনীতিতে টিকে থাকা যায় না, যারা নীতি আদর্শ মানবে না—তাদের দলে স্থান হবে না।” এমন দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ শহরের খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আফরোজা খানম বলেন, “রাজনীতি কোনো ক্ষমতার খেলা নয়, এটি মানুষের কল্যাণের জন্য একটি দায়িত্ব। আমরা চাই, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাই যেন নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে কাজ করতে পারেন। মানিকগঞ্জের সন্তান হিসেবে এটি আমাদের নৈতিক দায়িত্ব যে আমরা তাদের পাশে থাকব।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের অধিকাংশ জেলায় বিশ্ববিদ্যালয় থাকলেও মানিকগঞ্জে নেই। আমাদের দীর্ঘদিনের ইচ্ছা এ জেলার ছাত্রছাত্রীদের জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। আমার বাবা মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে হাসপাতাল নির্মাণ করেছেন। এবার আমাদের লক্ষ্য একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় গড়ে তোলা।”
তিনি অভিযোগ করে বলেন, “আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বাধার কারণে এতদিন তা সম্ভব হয়নি। কিন্তু আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে ইনশাল্লাহ মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে মানিকগঞ্জে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আ. ফ. ম. নুরতাজ আলম বাহার। এ সময় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আব্দুর রউফ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আ. ত. ম. জহিরুল আলম লোদী, কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীবসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
আনুষ্ঠানিক পর্ব শেষে শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান অতিথিকে পেয়ে কলেজ প্রাঙ্গণ উৎসবে মুখরিত হয়ে ওঠে।
রিপোর্টার্স২৪/আরকে