সিরাজগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের মানুষ চাঁদাবাজ, নৈরাজ্য, দখলবাজি, দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ হচ্ছে। গ্রামে, গঞ্জে, শহরে-বন্দরে, চা স্টল থেকে সচিবালয়ে স্লোগান উঠেছে সব দল দেখা শেষ জামাত ইসলামির বাংলাদেশ। আগামীর নতুন বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত।
শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাগধা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতে ইসলামি আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় রফিকুল ইসলাম খান আরও বলেন, জামায়াতের জোয়ার দেখে কোন কোন দল আওয়ামী স্টাইলে ভোটারবিহীন নির্বাচনের স্বপ্ন দেখছে। এই স্বপ্ন দেখা বাদ দিতে হবে। এই বাংলাদেশে আওয়ামী স্টাইলের আর কোন নির্বাচন হতে দেবে না জনগণ।
সমাবেশে উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো: শাহজাহান আলী, সলঙ্গা থানা আমির রাশেদুল ইসলাম শহিদ ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো: সোলায়মান হোসেন বক্তব্য রাখেন।
রিপোর্টার্স২৪/আরকে