সিনিয়র রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণমাধ্যমে প্রচারিত সংবাদকে বিভ্রান্তিকর। আমি এনসিপির সঙ্গেই আছি। সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গেই থাকব।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তথ্য উপদেষ্টার উদ্দেশে তিনি আরও বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে সুস্পষ্ট কাঠামো ও নীতিমালা প্রণয়ন করতে হবে। অনুসন্ধানের নামে ভুল টার্গেটে আঘাত করে কেউ কেউ সংবাদমাধ্যমে অস্থিরতা তৈরি করছে। নির্দিষ্ট ব্যবসায়িক স্বার্থে পরিচালিত কিছু মিডিয়া সুষ্ঠু ধারার সাংবাদিকতায় বাঁধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
নাসীরুদ্দীন বলেন, ব্যক্তিগতভাবে রাতের মধ্যে একটা গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের অপসাংবাদিকতা থেকে বেরিয়ে আসা উচিত। তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের জন্য মিডিয়াকে অনুরোধ জানান।
তিনি আরও বলেন, সত্যিকার অর্থে আমাদের যেটা প্রয়োজন, আগের আমলে দুর্নীতির যে ধারাবাহিকতা ছিল, বর্তমান সরকারও একই সঙ্গে সচিবালয় থেকে শুরু করে আমলাতন্ত্র সবাই মিলে একই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। কোথায় দুর্নীতি হচ্ছে, আমাদের মিলিটারি, পুলিশে যে সংস্কারগুলো রয়েছে এবং বিভিন্ন সংস্কার কমিশনের যে রিপোর্ট এসেছে সেখানে কোথায় ব্যত্যয় হয়েছে এগুলো নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা করা উচিত।
রিপোর্টার্স২৪/আয়েশা