| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যাত্রীদের কষ্ট বিবেচনায় বিমানের প্রস্তাব নাকচ করলেন বেগম খালেদা জিয়া

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৯১৩৮২ বার পঠিত
যাত্রীদের কষ্ট বিবেচনায় বিমানের প্রস্তাব নাকচ করলেন বেগম খালেদা জিয়া
ছবির ক্যাপশন: যাত্রীদের কষ্ট বিবেচনায় বিমানের প্রস্তাব নাকচ করলেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে ৪ মাস ২৮ দিন পর আগামী ৫ মে (সোমবার) দেশে ফিরছেন। তার সুবিধার্থে বিমান কর্তৃপক্ষ ফ্লাইটটি আগে ঢাকা অবতরণের প্রস্তাব করলেও তিনি যাত্রীদের সুবিধার্থে আগে সিলেটেই অবতরণের কথা বললেন।


শুক্রবার (২ মে) গণমাধ্যমকে বিষয়টি জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।


তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি লন্ডন থেকে ছেড়ে সিলেট হয়ে ঢাকায় আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিমান কর্তৃপক্ষ তথা বাংলাদেশ সরকার অসুস্থ বেগম খালেদা জিয়ার শারীরিক বিষয়টি বিবেচনায় রেখে বিমানের লন্ডন-সিলেট-ঢাকার পরিবর্তে লন্ডন-ঢাকা-সিলেট করার প্রস্তাব করে। প্রস্তাবটি বেগম জিয়ার কাছে পৌঁছালে বিমানের অন্য সহযাত্রীদের কষ্টের কথা বিবেচনা করে তিনি বিমান কর্তৃপক্ষের প্রস্তাবটি নাকচ করেন। মানবতার আরেক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।


জানা গেছে, বিএনপির চেয়ারপারসন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি রেগুলার বিমানে চড়ে দেশে ফিরবেন। আগামী ৪ মে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর খালেদা জিয়াকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি উড্ডয়নের কথা রয়েছে।


এদিকে একইদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ইনশাল্লাহ ম্যাডাম আগামী ৫ মে সকালে দেশে ফিরছেন। আমরা যতদূর জানি যে, ওনার সঙ্গে দুই বউমা (তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান) আসার কথা রয়েছে।


বেগম খালেদা জিয়ার শারিরিক অবস্থার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আলহামদুলিল্লাহ ম্যাডাম আগের চাইতে ডেফিনেটলি ভালো আছেন।


কীভাবে দেশে ফিরছেন সে বিষয়ে তিনি বলেন, ম্যাডামের দেশে ফেরার ব্যাপারে কাতারের আমিরের কাছ থেকে যে অ্যাম্বুলেন্সটা ওনাকে লন্ডনে নেওয়ার জন্য পেয়েছিলাম সেটা এখন একটু বিলম্বিত হচ্ছে টেকনিক্যাল রিজিয়নস সেজন্য ম্যাডাম ঠিক করেছেন যে, ওইটা (এয়ার অ্যাম্বুলেন্স) যদি শেষ মুহূর্তে না পাওয়া যায় উনি বাংলাদেশ বিমানেই আসবেন।


তিনি আরও বলেন, বাংলাদেশ বিমানে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। ৪ মে উনি রওনা হলে ইনশাল্লাহ পরদিন (৫ মে) সকালে দেশে এসে পৌঁছাবেন।


এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ফিরোজাকে প্রস্তুত করা হয়েছে বলে জানান দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, ম্যাডামের বাসভবন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।


খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরছেন। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাকে সব কিছু জানানো হয়েছে।


উল্লেখ্য, লন্ডন থেকে দেশে ফেরার বিষয়টি জানিয়ে গত সপ্তাহে বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে চিঠি দেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতে সরকার লন্ডন ও দোহার বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪