| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৬ ইং | ১৩:১৩:৩১:অপরাহ্ন  |  ৬৪৪ বার পঠিত
বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যে সংঘাত ও জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে। এতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ৪ ডলার ৩৫ সেন্ট বা ৪ শতাংশ বেড়ে ১১৩ ডলার ১৭ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ ডলার ৩২ সেন্ট বা ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ ডলার ৪৭ সেন্ট হয়েছে।

ব্রেন্ট ক্রুডের এই সমাপনী দর গত ৪ মে-র পর সর্বোচ্চ। এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো তেলটির দাম কারিগরিভাবে অতিরিক্ত ক্রয়চাপের অঞ্চলেও প্রবেশ করেছে।

মধ্যপ্রাচ্যে সংঘাত ঘিরে উদ্বেগ

সৌদি আরবের তেল অবকাঠামোয় হুতিদের হামলা এবং ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য যৌথ হামলা নিয়ে আলোচনায় বাজারে অনিশ্চয়তা বেড়েছে। জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান রিটারবুশ অ্যান্ড অ্যাসোসিয়েটসের বিশ্লেষকেরা এক নোটে বলেছেন, এসব ভূরাজনৈতিক ঝুঁকির কারণে তেলের দামে অতিরিক্ত মূল্য যুক্ত হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো বাহরাইনের কাছে পারস্য উপসাগরীয় উপকূলে অবস্থিত ধাহরানে তাদের সদর দপ্তর থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল। ইয়েমেনের হুতিদের সঙ্গে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেওয়া হয়।

ইরান-সমর্থিত হুতিদের সঙ্গে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের দীর্ঘদিনের সংঘাত নতুন করে উত্তেজনা তৈরি করেছে। লোহিত সাগরের প্রবেশমুখে গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালির দিকে হুতিদের অগ্রসর হওয়ার ঘটনায় জ্বালানি পরিবহন নিয়েও উদ্বেগ বেড়েছে।

সরবরাহ নিয়ে শঙ্কা

তেল বিশ্লেষক তামাস ভার্গার মতে, মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি সংঘাত শুরুর আগের পর্যায় ছাড়িয়ে যাওয়ার খবর এলেও হরমুজ প্রণালিতে জাহাজে হামলা এবং সৌদি আরবের তেল অবকাঠামোয় হুতিদের আঘাতের কারণে সরবরাহ বৃদ্ধির ইতিবাচক প্রভাব ম্লান হয়ে যাচ্ছে।

মরগান স্ট্যানলির বিশ্লেষকদের হিসাব অনুযায়ী, গত সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে দৈনিক প্রায় ১ কোটি ৭০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয়েছে। জ্বালানি তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য বলছে, ইরান যুদ্ধ শুরুর আগের ১২ মাসে অঞ্চলটি থেকে দৈনিক গড়ে প্রায় ১ কোটি ৮০ লাখ ব্যারেল তেল রপ্তানি হয়েছিল।

পরিশোধন খাতে মুনাফা বেড়েছে

এদিকে, যুক্তরাষ্ট্রের জ্বালানি পরিশোধনকারী প্রতিষ্ঠান ভ্যালেরো এনার্জি বৃহস্পতিবার চলতি মৌসুমে দেশটির শোধনাগারগুলোর আর্থিক প্রতিবেদন প্রকাশের সূচনা করেছে। প্রতিষ্ঠানটি তৃতীয় প্রান্তিকে ইতিহাসের সর্বোচ্চ ত্রৈমাসিক মুনাফা করেছে, যা ওয়াল স্ট্রিটের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরান ও ইউক্রেনের যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়ায় তৃতীয় প্রান্তিকে পরিশোধিত জ্বালানির মুনাফার ব্যবধান বেড়েছে।

বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যে সংঘাত এবং গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তাঝুঁকি অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও সরবরাহের ওপর চাপ বজায় থাকতে পারে। এতে বিশ্বজুড়ে জ্বালানি বাজারের অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪