কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলায় রতন (৪২) নামে লালন একাডেমি এক নিয়মিত সংগীত শিল্পীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে সদর উপজেলার মিললাইন এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
রতন কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে। ‘শিল্পী সমাজ’ নামে কুষ্টিয়ার একটি সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি তিনি।
এদিকে লালন শিল্পী রতনের উপর হামলার ঘটনায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
পুলিশ ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে গানের অনুষ্ঠান শেষ করে কুমারখালী উপজেলার ছেঁউরিয়া লালন মাজার এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফিরছিলেন রতন। সদর উপজেলার মিললাইন এলাকায় পৌছালে চলন্ত অবস্থায় দুর্বৃত্তরা তাকে পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল অন্ধকার থাকায় তিনি কাউকে চিনতে পারেন নাই।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, রাত দুইটার দিকে রতনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে কুমারখালী ও মডেল থানা যৌথভাবে কাজ করছে।
রিপোর্টার্স২৪/এসএন