শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : একের পর এক জিরাফ মৃত্যুর মধ্য দিয়ে গাজীপুর সাফারি পার্কে জিরাফের পাল এখন শূন্য। সর্বশেষ গত বুধবার ( ২১ অক্টোবর )‘টিবি’ (যক্ষ্মা) রোগে আক্রান্ত হয়ে গাজীপুর সাফারি পার্কের শেষ জিরাফটিও মারা গেছে। মারা যাওয়া জিরাফটি ছিল স্ত্রী প্রজাতির।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জিরাফটির মৃত্যু হলেও শনিবার (২৫ অক্টোবর) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান।
এর আগে অসুস্থ জিরাফের চিকিৎসার জন্য ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। মেডিকেল বোর্ডের শেষ চেষ্টা ব্যর্থ করে জিরাফটির মৃত্যু হয়। মৃত্যুর পর জিরাফটির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। তারপর পার্কের ভেতরেই জিরাফটি মাটিচাপা দেওয়া হয়।
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, জিরাফ মৃত্যুর ঘটনায় গাজীপুরের শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে পার্ক কর্তৃপক্ষ। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পার্ক সূত্রে জানা গেছে, ২০১৩ সালে পার্ক প্রতিষ্ঠার সময় দুই দফায় দক্ষিণ আফ্রিকা থেকে ১০টি জিরাফ আনা হয়। আন্তর্জাতিক প্রাণী বিপণন প্রতিষ্ঠান ফ্যালকন ট্রেডার্সের মাধ্যমে জিরাফগুলো আমদানি করে কর্তৃপক্ষ। এরপর ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে আরও চারটি জিরাফ বাচ্চা দেয়। অন্যদিকে, ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে রোগাক্রান্ত হয়ে বেশ কিছু জিরাফ মারা যায়।
রিপোর্টার্স২৪/এসএন