ময়মনসিংহ প্রতিনিধি: দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহে উদ্বোধন হলো এমটিবি-ইউসেপ স্কিলস ট্রেনিং ইনস্টিটিউট।
শনিবার (২৫ অক্টোবর) এমটিবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমটিবি ফাউন্ডেশন ও ইউসেপ বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে ময়মনসিংহের মাসকান্দা আমিরাবাদে স্পন্দন ট্রেনিং ফ্যাসিলিটেশন সেন্টারে এর উদ্বোধন হয়। উদ্বোধন করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশের সাবেক চেয়ারপারসন এ. মতিন চৌধুরী, নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিম, পরিচালক (প্রোগ্রাম অ্যান্ড ইনোভেশনস) ইঞ্জি. মো. আবদুল মান্নান, এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মি. সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আখতার আসিফ উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ রেইস উদ্দিন আহ্মাদ, এবং এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী বলেন, ‘শিক্ষা খাতে এটি এমটিবি ফাউন্ডেশনের ফ্ল্যাগশিপ প্রকল্প হিসেবে বিবেচিত। আগামী তিন বছরে এই প্রকল্পের আওতায় ১,২০০ সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীদের পাঁচটি বিশেষায়িত ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে।,
তিনি জানান, প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং তরুণ সমাজকে আত্মনির্ভরশীল করে তোলা, যাতে তারা দেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। এই উদ্যোগের মাধ্যমে এমটিবি শুধুমাত্র একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, বরং সমাজের উন্নয়নের অংশীদার হিসেবে তার অবস্থান আরও সুদৃঢ় করবে।’
বিউটিফিকেশন ট্রেডের শিক্ষার্থী সাদিয়া জানান, ‘এখান থেকে কোর্স করে আমি দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই। এ ধরনের সুযোগ পাওয়ায় আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এমটিবি ফাউন্ডেশন ও ইউসেপ বাংলাদেশকে।’
রিপোর্টার্স২৪/ধ্রুব