রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল বিদেশি সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার দিবাগত রাতে উপজেলার মধ্যম আবাসিক এলাকায় মারিশ্যা জোনের (২৭ বিজিবি) একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যম বাঘাইছড়ি আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় চোরাকারবারিরা টহল দলের উপস্থিতি টের পেয়ে প্লাস্টিকের বস্তায় বহন করা সিগারেট ফেলে পালিয়ে যায়। পরে টহল দল ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তা থেকে বিদেশি ‘Mond’ ব্র্যান্ডের ১০০ কার্টুন সিগারেট উদ্ধার করে। এসব কার্টুনে মোট ১,০০০ প্যাকেট সিগারেট ছিল বলে জানা গেছে।
প্রাথমিকভাবে উদ্ধার করা সিগারেটের বাজারমূল্য দুই লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি বলে ধারণা করছে বিজিবি। ২৭ বিজিবির মারিশ্যা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, চোরাচালান রোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।
সীমান্ত এলাকায় অবৈধ পণ্যের চলাচল বন্ধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিজিবি জানায়, জব্দ করা সিগারেটগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
রিপোর্টার্স২৪/ঝুম