| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গরম পানিতে স্বামীর মুখ ঝলসে দিলো স্ত্রী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ০৫:৫৩:০৩:পূর্বাহ্ন  |  ১৩৫৮৪৬০ বার পঠিত
গরম পানিতে স্বামীর মুখ ঝলসে দিলো স্ত্রী

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামে পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী নার্গিস বেগম (২৮) স্বামী আব্দুল জলিল বেপারীর (৪০) মুখমণ্ডল গরম পানিতে ঝলসে দিয়েছে। এই ঘটনায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ অভিযুক্ত নার্গিস বেগমকে আটক করেছে।

শনিবার (২৫ অক্টোবর) রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

আহত জলিল বেপারী পাশবর্তী ফরিদগঞ্জ উপজেলার রামপুর বাজার এলাকার বেপারী বাড়ির মৃত আবিদ আলীর ছেলে। অভিযুক্ত নার্গিস বেগম একই উপজেলার হাসা গ্রামের বেলগাছতলা মিজি বাড়ির হাবিব মিজির মেয়ে। নার্গিস জলিলের দ্বিতীয় স্ত্রী। তার প্রথম স্ত্রী নার্গিস আক্তার থাকেন গ্রামের বাড়িতে।

পেশায় রিকশা চালক জলিল বেপারীর বাড়ি ফরিদগঞ্জ হলেও তিনি দ্বিতীয় স্ত্রী নার্গিস বেগমকে নিয়ে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামে ভাড়া থাকেন। তিনি যখন বাড়ির বাইরে থাকতেন, তখন স্ত্রী নার্গিস পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়। শুক্রবার (২৪ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে ঘুমন্ত অবস্থায় তার দ্বিতীয় স্ত্রী নার্গিস বেগম তার মুখ মণ্ডলে গরম পানি নিক্ষেপ করে এবং রাতেই পালিয়ে যায়।

গ্রাম পুলিশ সদস্য হারুন জানান, সকালে ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আলমগীর হোসেন ও স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে যান। তারা লোকজনের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে জলিলকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করেন। 

এদিকে এই ঘটনা জানাজানি হলে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশে সদর মডেল থানার ওসির তত্ত্বাবধানে থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযুক্ত স্ত্রী নার্গিস বেগমকে ঘটনাস্থল এলাকায় অভিযান চালিয়ে আটক করে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, আহত জলিল হাসপাতালে চিকিৎসাধীন। তার স্ত্রী থানা হেফাজতে রয়েছে। জলিল এর আত্মীয় স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা আসলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, ঘটনাটি পরকীয়ার সাথে জড়িত কি না তদন্ত করে দেখা হচ্ছে। মাঠে পুলিশের একাধিক টিম কাজ করছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪