| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনকে ঘিরে অনেক পরাশক্তি ও দেশের ভেতরের নানা এজেন্সি সক্রিয় হবে: গোলাম পরওয়ার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ০৮:৩৮:৪০:পূর্বাহ্ন  |  ১২৫০৭৫৩ বার পঠিত
নির্বাচনকে ঘিরে  অনেক পরাশক্তি ও দেশের ভেতরের নানা এজেন্সি সক্রিয় হবে: গোলাম পরওয়ার
ছবির ক্যাপশন: গোলাম পরওয়ার

রিপোর্টার্স২৪ ডেস্ক : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার  বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের অভিযাত্রা শুরু হয়েছে, আর এই অভিযাত্রাকে বানচাল করতে সক্রিয় হবে বিভিন্ন পরাশক্তি ও গোয়েন্দা এজেন্সি। সবাই যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে এসব অপচেষ্টা ব্যর্থ হবে এবং নতুন বাংলাদেশ গঠনের পথে কেউ বাধা দিতে পারবে না।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, সামনে যে জাতীয় নির্বাচনের অভিযাত্রা শুরু হয়েছে, সেটি যেন ক্ষতিগ্রস্ত না হয়—সেজন্য জাতীয় ঐক্যের ‘জুলাই চেতনা’ আমাদের ধরে রাখতে হবে। কারণ অনেক পরাশক্তি ও দেশের ভেতরের নানা এজেন্সি সক্রিয় হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ, মানবিক ও নতুন বাংলাদেশ গঠনের পথে অনেক বাধা আসবে। রাজনৈতিক মতভেদ থাকলেও দেশ গঠনের মূল ইস্যুতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জামায়াতের এই নেতা বলেন, আমরা দুর্নীতিমুক্ত সমাজ, নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের ভোটাধিকারের নিশ্চয়তা চাই। প্রকৃত গণতান্ত্রিক মতামতের প্রতিফলনের মধ্য দিয়েই সরকার গঠিত হোক—এটা আমাদের সবার দাবি। জাতীয় ইস্যুতে ঐকমত্য বজায় রাখতে পারলে দেশ গঠনে কোনো পরাশক্তি বা অভ্যন্তরীণ শক্তি বাধা দিতে পারবে না।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বাংলাদেশের মানুষ জানে—গণঅধিকার পরিষদ ছাত্রসমাজের মৌলিক অধিকার আদায়ের সংগ্রামের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে। একটি রাজনৈতিক দল হিসেবে এর সভাপতি নুরুল হক নুর ছাত্রজীবন থেকেই নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হওয়ার পর থেকে তার ওপর যে শারীরিক ও পুলিশের নির্যাতন চলেছে, তা দেশবাসী ভালোভাবে নেয়নি। জনগণের সহানুভূতি তার প্রতি এসেছে। জুলাই গণঅভ্যুত্থানের সময়ও পুলিশ তাকে নির্যাতন করেছে।

তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের জন্য আমরা যে লড়াই করেছি, ভেবেছিলাম একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর হবে, নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে। সুশাসন প্রতিষ্ঠিত হবে, গণতান্ত্রিক পরিবেশে সবাই মত প্রকাশের সুযোগ পাবে।

“কিন্তু বিস্ময়ের বিষয়, ফ্যাসিবাদমুক্ত সমাজে থেকেও আবারও নুরুল হক নুরের ওপর নির্যাতন চালানো হয়েছে—এটা দেখে জাতি স্তম্ভিত। তিনি এখন অসুস্থ, তার চলাফেরাতেই তা স্পষ্ট। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তার সুস্থতা কামনা করছি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪