চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ছাগলের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জীবন আহমেদ (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বেলা ২টার দিকে ছয়ঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে মাল্টা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জীবন আহমেদ পারকৃষ্ণপুর-মদনা পশ্চিমপাড়ার আব্দুস সেলিমের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে জীবন আহমেদ মদনা বাজারের হাজী স্টোরের মালামাল কিনতে মোটরসাইকেলে দর্শনা যাচ্ছিলেন। পথে ছয়ঘরিয়া এলাকায় হঠাৎ একটি ছাগল সড়ক পার হতে গেলে তার মোটরসাইকেলটি ছাগলটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে জীবন সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফরিনা ইয়াসমিন জানান, ‘তরুণটি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।’
নিহতের চাচা বলেন, ‘ভাতিজা দোকানের মাল কিনতে দর্শনা যাচ্ছিল। পথে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসার পর জানতে পারি, সে আর বেঁচে নেই।’
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।’
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা