বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনের ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধানকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা)।
রবিবার (২৬ অক্টোবর) বিকাল ৩টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানায়।
কোস্ট গার্ড জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের ডাকাত রাঙ্গা বাহিনীর সদস্যরা সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালাবগি এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে আজ রবিবার সকাল ৬ টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক ঐ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।’
অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরবর্তীতে ধাওয়া করে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধানকে ২ টি একনলা বন্দুক এবং ৬ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ‘আটককৃত ডাকাত নজরুল শেখ (৪৮) বাগেরহাটের রামপালের বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ তার বাহিনী নিয়ে সুন্দরবনে ডাকাতি করে আসছিলো। এছাড়াও, গত ৩১ জুলাই রাঙ্গা বাহিনী সুন্দরবনের জঙ্গলবাড়ি এবং বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি দিয়ে আসে। এর পর থেকেই ঐ বাহিনীকে আটকের অভিযানে নামে কোস্ট গার্ড। উল্লেখ্য গত ১২ সেপ্টেম্বর অস্ত্র ও গোলাবারুদসহ রাঙ্গা বাহিনীর ২ সদস্যকে আটক করা হয় এবং জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করা হয়।’
জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা