রাজবাড়ী প্রতিনিধি : ৮০ বছর বয়সে খুঁড়িয়ে খুঁড়িয়ে ট্রেনে ট্রেনে নাড়ু বিক্রি করেন গফুর মল্লিক। সম্প্রতি ফেসবুকে তার ভিডিও প্রকাশের পর ব্যাপক আলোচনার জন্ম দেয় তার সংগ্রামী জীবন।
এই দৃঢ়চেতা মানুষের মানবিক গল্প ছুঁয়ে গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জীবনের শেষ প্রান্তে বেঁচে থাকার লড়াইয়ে অন্ধ গফুর শিরোনামের একটি প্রতিবেদন প্রকাশের পর লন্ডনে অবস্থানরত তারেক রহমান তার ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে গফুর মল্লিকের খোঁজ নিতে নির্দেশ দেন।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজবাড়ীতে পৌঁছান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তারা রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে গিয়ে গফুর মল্লিকের সঙ্গে দেখা করেন এবং তার খোঁজখবর নেন।
এ সময় বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এ্যাডভোকেট আসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ, রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও আমরা বিএনপি পরিবার’ এর রাজবাড়ী শাখার প্রতিনিধি এম. এ. খালেদ পাভেল প্রমুখ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন