রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে সরকার নিজেই। তিনি বলেন, সরকারের গঠিত কমিশন ও কমিটিতে গত আট-নয় মাস ধরে সংস্কার ও ঐকমত্য বিষয়ে আলোচনা হয়েছে, তবে সেখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি একমত হতে পারেনি। শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (আ স ম রব) আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, আমরা নির্বাচনে অংশ নেব এবং আমাদের ইশতেহারে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করব। জনগণ যদি ভোট দিয়ে আমাদের সরকার গঠনের সুযোগ দেয়, তবে আমরা সংসদে সেই বিষয়গুলো পাস করিয়ে দেশের পরিবর্তন আনব।
তিনি আরও অভিযোগ করেন, জুলাই সনদে স্বাক্ষরিত বিষয়াবলী ও এর বাস্তবায়নের মধ্যে বড় ফারাক আছে। ‘নোট অব ডিসেন্ট’ না রেখে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। বর্তমান সংকটের জন্য দায়ী অন্তর্বর্তীকালীন সরকার ও ঐকমত্য কমিশন।
মির্জা ফখরুল আরও বলেন, জাতীয় নির্বাচন বানচাল করার জন্য কিছু মহল সক্রিয়। নির্বাচনের আগে গণভোট আয়োজন সম্ভব নয়। মুক্তিযুদ্ধবিরোধী শক্তি জনগণকে বিভ্রান্ত করছে। আমরা তাদের নির্বাচনের বিরোধিতা না করার আহ্বান জানাই।
আলোচনাসভায় অংশ নেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ আরও অনেকে।
রিপোর্টার্স২৪/ঝুম