| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ‘কোন তথ্য নেই’

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৫ ইং | ১২:৫৮:৫০:অপরাহ্ন  |  ১৩২৫৬৯৫ বার পঠিত
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ‘কোন তথ্য নেই’

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ মিছিল হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মিছিলটি প্রায় এক মিনিট ২৫ সেকেন্ড স্থায়ী ছিল এবং পরে সেটির ভিডিও বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত হয়। ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম জনি ও যুগ্ম -আহ্বায়ক সাইমুন হাসান স্বাধীন নেতৃত্বে তের জনের একটি দল ব্যানারসহ মহাসড়কে মিছিল করছে।

ব্যানারে লেখা ছিল “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” এবং “হটাও ইউনুস, বাঁচাও দেশ শেখ হাসিনার নির্দেশ।”

মিছিলে জনি ও স্বাধীনসহ উপস্থিতরা স্লোগান দেন, “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”, ইত্যাদি।

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনকে বিকেল পৌনে পাঁচটার দিকে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ঘটনাটি সম্পর্কে আমি কিছুই জানতাম না, আপনার মাধ্যমেই প্রথম শুনছি। যদি নিষিদ্ধ সংগঠন মিছিল করে থাকে, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, “ডিএসবি ও সংশ্লিষ্টদের সঙ্গেও কথা বলেছি, তারাও কোনো তথ্য জানে না।”

বিষয়টি নিয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন কচি বলেন,“বিচ্ছিন্ন এলাকায় এমন কিছু হলে জানা সম্ভব না, কিন্তু মহাসড়কের মতো জনবহুল স্থানে দিবালোকে নিষিদ্ধ সংগঠনের মিছিল এটি নিঃসন্দেহে উদ্বেগজনক। পুলিশও যদি তা জানতে না পারে, তাহলে নাগরিক নিরাপত্তা কতটা নিশ্চিত, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।”

তিনি আরও বলেন, “এখন পুলিশের অনেক কাজই রুটিনমাফিক চলছে, কিন্তু জনগণের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলায় মনোযোগ কমে গেছে।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪