রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বিএনপির জুলাই সনদের কোনো প্রয়োজন নেই। দেশের এখন প্রয়োজন একটি কার্যকর সংসদ, যারা সত্যিকার অর্থে গণতন্ত্রকে বাস্তবায়ন করবে। শনিবার (১ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মেজর (অব.) হাফিজ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার জাতির মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের অবদান ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, “এই সরকার কোথাও মুক্তিযুদ্ধের কথা বলে না। একাত্তরের মুক্তিযুদ্ধকে হেয় করার অপচেষ্টা চলছে। অনেক ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই সংগ্রামের সঙ্গে অন্য কোনো আন্দোলনের তুলনা হয় না। বাংলাদেশের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে।”
তিনি আরও বলেন, আজ ক্ষমতায় যাওয়ার লোভে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র করছে। যদি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা করা হয়, তবে তাদের প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই সিনিয়র নেতা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বার্থে বিএনপি অনেক বিষয়ে আপস করেছে উল্লেখ করে মেজর (অব.) হাফিজ বলেন, “সব দল যেসব বিষয়ে একমত হবে, তা নিয়েই সনদ হবে। এখন প্রয়োজন একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। ক্ষমতায় গেলে বিএনপি যৌক্তিক সব বিষয় বাস্তবায়ন করবে।”
তিনি অভিযোগ করেন, “ঐকমত্য কমিশন জোর করে জুলাই সনদে কিছু বিষয় যুক্ত করেছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার স্বার্থে বিএনপি অনিচ্ছা সত্ত্বেও সেগুলো মেনে নিয়েছে।”
শেষে মেজর (অব.) হাফিজ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে।
রিপোর্টার্স২৪/আয়েশা