রিপোর্টার্স ২৪ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের খসড়া আচরণবিধি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন।
জকসুর নিজস্ব ওয়েবসাইটে বৃহস্পতিবার(৩০ অক্টোবর) রাতে এ বিধিমালা প্রকাশ করা হয়। প্রকাশিত আচরণবিধিতে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।
বিধিমালার ৩ নম্বর ধারায় বলা হয়েছে, ‘কমিশন প্রত্যেক প্রার্থীর ডোপ টেস্টের মাধ্যমে মাদকাসক্তির বিষয়টি পরীক্ষা করবেন এবং মাদকাসক্ত প্রমাণিত হলে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। কেউ ডোপ টেস্টে অনুপস্থিত থাকলে তার মনোনয়নপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।’
আচরণবিধিতে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। অন্যদিকে আলোচনা ও প্রতিক্রিয়ারও জন্ম দিয়েছে।