রিপোর্টার্স২৪ ডেস্ক: এসেছে গুগলের নতুন সিদ্ধান্ত! এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি করা ছবি, ভিডিও কিংবা গানে আর বাঁধাস্বরূপ থাকবে না স্পষ্ট দৃশ্যমান ওয়াটারমার্ক বা জলছাপ।
জেমিনি ব্যবহারকারীরা চাইলেই খুব সহজে সেটি বন্ধ বা চালু করতে পারবেন। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ শুক্রবার এক প্রতিবেদনে গুগলের এই পদক্ষেপের কথা নিশ্চিত করেছে।
অনেক সময় পেশাদার কাজ কিংবা ডিজিটাল নকশায় এআই-এর দৃশ্যমান জলছাপটি দেখতে বেশ বেমানান লাগে এবং এতে কাজের স্বাভাবিক নান্দনিকতা নষ্ট হয়।
নির্মাতা ও পেশাদারদের কাজকে আরও সহজ ও দৃষ্টিনন্দন করতেই গুগল জেমিনি, ফ্লোসহ তাদের বিভিন্ন এআই মডেলে এই সুবিধা নিয়ে আসছে।
চোখে দেখা যাওয়া জলছাপ সরানো গেলেও এআই দিয়ে তৈরি কনটেন্ট চেনার উপায় কিন্তু বন্ধ হচ্ছে না! গুগল জেমিনি বিভাগের ভাইস প্রেসিডেন্ট জশ উডওয়ার্ড জানান, দৃশ্যমান জলছাপ সরানোর সুযোগ থাকলেও কনটেন্টের ভেতরে গুগলের তৈরি 'সিন্থ আইডি' (SynthID) নামের একটি বিশেষ গোপন জলছাপ বা তথ্য সংরক্ষিত থাকবে।
এটি খালি চোখে দেখা না গেলেও উন্নত প্রযুক্তির মাধ্যমে যাচাই করে ঠিকই ধরে ফেলা যাবে ছবিটি এআই দিয়ে তৈরি কি না।
জেমিনি সেটিংস: আগামী কয়েক দিনের মধ্যেই জেমিনির সেটিংস অপশনে গিয়ে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো দৃশ্যমান জলছাপ অন বা অফ করার অপশনটি পেয়ে যাবেন।
নতুন সফটওয়্যার: এর পাশাপাশি গুগল ‘ক্রেডেনশিও’ নামে একটি নতুন সফটওয়্যার উন্মুক্ত করছে, যার সাহায্যে নির্মাতারা নিজস্ব প্ল্যাটফর্মে বা সফটওয়্যারে এআই কনটেন্ট যাচাইয়ের স্থানীয় ব্যবস্থা যুক্ত করতে পারবেন।
মূলত এআই কনটেন্টের সত্যতা ও পরিচয় নিশ্চিত করার লড়াইয়ে অন্য সব প্রযুক্তি প্রতিষ্ঠানকে টেক্কা দিতে এবং ব্যবহারকারীদের কাজকে আরও স্বাধীনতা দিতেই গুগলের এই কৌশলী পদক্ষেপ।
রিপোর্টার্স২৪/ঝুম