রিপোর্টার্স২৪ ডেস্ক : বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, নির্বাচনী প্রক্রিয়া ও সংবিধান সংশোধন নিয়ে তাদের দলের কাছে তিনটি মূল আপত্তি রয়েছে। তিনি জানান, জুলাই মাসে যে সনদে বিএনপি স্বাক্ষর করেছিল, সেদিন দলকে সম্পূর্ণ ডকুমেন্ট দেওয়া হয়নি। পরবর্তীতে ঐকমত্য কমিশনে আলোচিত ও একমত হওয়া বিষয়গুলোর প্রতিফলন মূল সনদে দেখা যাচ্ছে না।
রুমিন ফারহানা বলেন, সংবিধানের ৪(ক) অনুচ্ছেদে মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি অফিস বা আদালতে রাখার বিষয়ে আলোচনা হয়েছিল, যেখানে সব রাজনৈতিক দল একমত হয়েছিল। এছাড়া সংবিধানের ১৫০ অনুচ্ছেদের ৫ম, ৬ষ্ঠ ও ৭ম তফসিল না রাখার বিষয়ে দলগুলোর সম্মতি থাকলেও তা মূল সনদে প্রতিফলিত হয়নি।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে তিনি জানান, জামায়াতের সঙ্গে সমঝোতা করে বিএনপি নোট অব ডিসেন্ট থেকে সরে আসবে—এমন কোনো পরিকল্পনা নেই। তিনি আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যে ২৭০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে, সেখানে বিএনপির আপত্তি রয়েছে। কারণ, এই বিষয়গুলো ঐকমত্য কমিশনে আলোচনা হয়নি এবং দলগুলোর মধ্যে কোনো চূড়ান্ত একমত নেই।
রুমিন ফারহানা ব্যাখ্যা করেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। কোনো আইন বা সুপ্রিম ল’র প্রস্তাব সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হলে তা বাতিল গণ্য হবে। তাই সংবিধান সংস্কারে প্রতিটি পদক্ষেপ প্রক্রিয়ার সঙ্গে মানানসই হতে হবে।
গণভোটের বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন যদি দেড় মাস সময় ধরে গণভোট আয়োজন করে, তাহলে ডিসেম্বরের ১৭ তারিখের আগে তা বাস্তবায়ন সম্ভব নয়। এছাড়া, নতুন তারিখে গণভোট আয়োজনের জন্য অতিরিক্ত খরচ তিন হাজার কোটি টাকা। অন্য দল যদি বিভিন্ন সময়ে ইস্যু সামনে নিয়ে নির্বাচনকে ডিলে করার চেষ্টা করে, বিএনপি তা গ্রহণযোগ্য মনে করে না।
জামায়াতের নির্বাচনী প্রস্তুতি নিয়ে তিনি বলেন, দেশের কোনো রাজনৈতিক দলের এত আগে থেকে এত সম্পূর্ণ প্রিপারেশন নেই। জামায়াত তাদের ৩০০ আসনে প্রার্থীর জন্য ফজরের ওয়াক্ত থেকে সূর্যোদয় পর্যন্ত এবং এরপর রাত পর্যন্ত ক্যাম্পেইন চালাচ্ছে। তাদের স্ট্রাটেজি ১০-১২ মাস ধরে কার্যকর হচ্ছে। এমন প্রস্তুতি রেখে অন্য দলকে পুশ করে নির্বাচনকে ডিলে করার সুযোগ নেওয়া ঠিক নয়।
রুমিন ফারহানা স্পষ্ট করেন, বিএনপি নির্বাচনের প্রতি দায়বদ্ধ কিন্তু অন্য দলের কৌশল ও পরিকল্পনা নির্বাচনী মাঠকে প্রভাবিত করতে পারবে না।
রিপোর্টার্স২৪/ঝুম