লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে ৩০ মামলার আসামি ও তালিকাভুক্ত ডাকাত সর্দার আবুল বাশার ওরফে বাশারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুল আজীম নোমান।
তিনি জানান, সকালে গোপন তথ্যের ভিত্তিতে চন্দ্রগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে বাশারকে গ্রেপ্তার করা হয়। ডাকাতি, হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জসহ বিভিন্ন থানায় মোট ৩০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
আবুল বাশার সদর উপজেলার মটবী এলাকার আবদুর রবের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাশার দীর্ঘদিন ধরে সশস্ত্র বাহিনী পরিচালনা করে লক্ষ্মীপুরসহ আশপাশের এলাকায় ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র বেচাকেনায় জড়িত ছিলেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ বেশ কিছু দিন ধরে অভিযান চালিয়ে আসছিল।
অভিযানের সময় বাশারের অন্যান্য সহযোগীরা পালিয়ে যায় বলে জানা গেছে।
চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়েজুল আজীম নোমান বলেন, “বাশারের দলের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
রিপোর্টার্স২৪/আরকে