| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবার শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা ছাত্রদল নেতাকর্মীদের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৬ ইং | ২২:৪৩:১৬:অপরাহ্ন  |  ২৩৬৯ বার পঠিত
এবার শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা ছাত্রদল নেতাকর্মীদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে মশাল ছিল। স্থানীয় বাসিন্দারা বাধা দিলে তারা সেখান থেকে চলে যান।

বুধবার (১৮ নভেম্বর) রাতে নগরীর জামতলা আবাসিক এলাকায় শামীম ওসমানের ডুপ্লেক্স বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ১৫ থেকে ২০ জনের একটি মিছিল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা শামীম ওসমানের বাড়ির সামনে যান। এ সময় তাদের হাতে জ্বলন্ত মশাল ছিল। মিছিল থেকে ‘শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘খুনি হাসিনার ফাঁসি চাই’ এবং ‘রশি লাগলে রশি নে, শেখ হাসিনার ফাঁসি দে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে মিছিলের একজন বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারা বাধা দিলে তারা দ্রুত সেখান থেকে চলে যান।

মিছিলটির নেতৃত্বে ছিলেন সরকারি কদম রসুল কলেজ ছাত্র সংসদের সাবেক সেক্রেটারি ও মহানগর ছাত্রদল নেতা আতিকুর রহমান রিফাত (শেখ রিফাত)। তিনি জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনির ভাগ্নে।

মহল্লার নৈশপ্রহরী মো. হারুন অর রশিদ বলেন, ১৫ থেকে ২০ জনের একটি দল মিছিল নিয়ে এসে বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। মিছিল থেকে শামীম ওসমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। তাদের কয়েকজনের হাতে জ্বলন্ত মশাল ছিল। একজন বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন বাধা দেন। এরপর তারা দ্রুত চলে যান।

এবিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মোহাম্মদ মাহবুব আলম বলেন এবিষয়টি আমার জানা নেই। পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিকেলে জামতলা এলাকায় শামীম ওসমানের ডুপ্লেক্স বাড়িতে এবং উত্তর চাষাঢ়া এলাকায় তার ভাই সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের তিনতলা বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন এই দুই রাজনৈতিক নেতার বাড়ি ছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুর করা হয়।

এদিকে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। জুলাই-আগস্টে নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানও আসামি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪