রিপোর্টার্স ২৪ ডেস্ক: পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে দলীয় প্রার্থী দেয়নি বিএনপি। এই আসন দুটি আসনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নিজ আসন। দলের ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় এই দুইটিসহ বিভাগের আরো ৫টি আসনে দলীয় প্রার্থীর নাম নেই। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন, আসন ৫টি নুরুল হক নুর এবং আসাদুজ্জামান ফুয়াদসহ শরীকদের জন্যই ‘খালি’ রাখা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিক সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন।
এদিন পটুয়াখালী জেলার চারটি আসনের মধ্যে ১ ও ৪ নম্বর আসনে প্রার্থী দেওয়া হলেও ২ ও ৩ নম্বর আসন শূন্য রাখা হয়। অপরদিকে বরিশালের ৬টি আসনের মধ্যে বরিশাল-৩ আসন শূন্য রাখা হয়।
পটুয়াখালী-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।
রিপোর্টার্স ২৪ / জয়