রিপোর্টার্স ২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়ায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে প্রার্থীদের কর্মী সমর্থকরা। সোমবার বিকেলে দল থেকে ২৩৭ প্রার্থীর নাম ঘোষণা করার পর পছন্দের নেতাকে প্রার্থী না করায় বিক্ষোভে ফেটে পড়েন কর্মী-সমর্থকরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে প্রার্থী না করায় বিক্ষোভ করেছে তাঁর সমর্থকরা। গতকাল সন্ধ্যায় তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে। এ সময় সড়কে টায়ার জ্বালায় তারা। আসনটিতে মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা কাজী সালাহউদ্দিন। প্রার্থীর নাম ঘোষণার পর সন্ধ্যার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী, জলিল টেক্সটাইল গেট, মাদাম বিবিরহাট, পৌর সদর ও জোড় আমতল এলাকায় সড়কে ব্যারিকেড দেয় তাঁর সমর্থকরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায় নেতাকর্মীদের। ব্যারিকেডের ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। স্থানীয়রা জানান, মহাসড়কের সলিমপুর, ফকিরহাট, বাংলাবাজার এলাকায় ২০-২৫টি গাড়ি ভাঙচুর করা হয়। এদিকে ভাটিয়ারী, কুমিরা ও সীতাকুণ্ড স্টেশন এলাকায় রেললাইন অবরোধ করে রাত ৮টার পর বিক্ষোভ করে আসলাম চৌধুরীর সমর্থকরা। অবরোধের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা দুটি ট্রেন নাসিরাবাদ এক্সপ্রেস ও চট্টলা এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম স্টেশনে পৌঁছতে পারেনি।
মাদারীপুরে ভাঙচুর, অগ্নিসংযোগ: মাদারীপুর-১ (শিবচর) আসনে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জামান কামাল মোল্লাকে প্রার্থী করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা। তারা গতকাল সন্ধ্যায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। বিক্ষুব্ধরা কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায় এবং ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাভলু সিদ্দিকী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
কুষ্টিয়ায় সড়ক অবরোধ: কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি সোহরাব উদ্দিনকে প্রার্থী না করায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে সমর্থকরা। রাত ৯টার দিকে শহরের মজমপুর রেলগেটে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করে তারা। এ ছাড়া সদর উপজেলার মধুপুর-লক্ষ্মীপুর এলাকায়ও সোহরাব উদ্দিনের সমর্থকরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে। কুষ্টিয়া-৩ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার।
কুমিল্লায় মহাসড়ক অবরোধ: কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি করপোরেশন) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে প্রার্থী ঘোষণা করেছে দল। এই আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাজি আমিন উর রশিদ ইয়াছিনকে প্রার্থী না করায় তাঁর সমর্থকরা বিক্ষোভ করেছে।
যুবদল নেতা নয়নের সমর্থকদের বিক্ষোভ: মাগুরা-২ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। এই আসনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে প্রার্থী না করায় দলীয় নেতাকর্মীদের একাংশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। সোমবার রাত ১০টার দিকে তারা মাগুরা-যশোর মহাসড়কের আড়পাড়া এলাকায় বিএনপি পার্টি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে সড়কে বিক্ষোভ ক
মেহেরপুর সড়কে টায়ারে আগুন: মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছে দলের একাংশের নেতাকর্মীরা। রাত ৮টায় গাংনী উপজেলা শহরে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদের অনুসারীরা। প্রার্থী হিসেবে এ আসনে আমজাদ হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।
রিপোর্টার্স ২৪/ জয়