রিপোর্টার্স২৪ডেস্ক: বুধবার (৪ নভেম্বর) রাতে এক বেসরকারি টেলিভিশনের টক শোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেন, দলের দিকে থেকে ৬৩টি আসনে মনোনয়ন ঘোষণা এখনো হয়নি। কারণ, দল ‘উইনেবল’ প্রার্থী নির্বাচন ও জোট গঠন-আসন ভাগাভাগি বিষয়গুলো নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। তিনি বলেন, “আমারটাও অন-হোল্ডই আছে। দল সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে, পরবর্তীতে পরিবর্তন আসতে পারে; কেউ বাদ পড়তে পারেন, নতুন জন যুক্তও হতে পারেন।”
তিনি আরও বলেন,‘গত ১২-১৫ বছর ধরে দলে যারা সুখে-দুঃখে রাজপথে ছিল, তাদের সঙ্গে এখন আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে। ঠিক একই কারণে ৬৩টি আসন এখনও ঘোষণা করা হয়নি। পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গেও জোট আলোচনা চলছে।’
মনোনয়ন না পাওয়া নেতাকর্মীদের বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, ‘নেতাকর্মীদের এই আবেগকে সম্মান করতে হবে। এক-একটি আসনে তিন-চারজন বা কখনো দশজন পর্যন্ত মনোনয়নপ্রত্যাশী হয়। এত নেতাকর্মীর ভালোবাসা, ত্যাগ, শ্রম ও ঘামের ওপর দাঁড়িয়ে আমরা সেই মুহূর্তে এসে পৌঁছেছি যে মনোনয়ন প্রত্যাশা করতে পারি। সুতরাং তাদের মন খারাপ হবে—এটা স্বাভাবিক, এবং এই আবেগকেও সম্মান করা উচিত।’
নারী মনোনয়ন প্রসঙ্গে রুমিন বলেন,‘যদি বিএনপি নারী মনোনয়ন ৫ % পর্যন্ত বাড়াতে রাজি হয়, তাহলে চূড়ান্ত তালিকায় আরো নারী যুক্ত হওয়া সম্ভব।’
উল্লেখ্য, দলীয় প্রার্থীর নাম ঘোষণার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই প্রথমপ্রকাশিত তালিকা সম্ভাব্য পরবর্তীতে বদল হতে পারে।
রিপোর্টার্স২৪/এসসি