রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য জেলার তরুণ ক্রিকেটারদের উন্নয়ন ও অবকাঠামো ঘাটতি চিহ্নিত করতে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা ও মারী স্টেডিয়াম পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক (বয়সভিত্তিক ক্রিকেট উন্নয়ন) ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে তিনি রাঙামাটি মারী স্টেডিয়ামে উপস্থিত হয়ে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বয়সভিত্তিক ক্রিকেটার ও স্থানীয় ক্লাব প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মো. সফিকুল ইসলাম চৌধুরী, আবু সাদাত মো. সায়েম, নির্মল বড়ুয়া মিলন, মোহাম্মদ আলী পাটোয়ারী, সৈয়দ হেফাজত-উল-বারী, জেলা ক্রীড়া কর্মকর্তা হারুনুর রশিদসহ স্থানীয় ক্রীড়াবিদ ও সংগঠকরা।
পরিদর্শন শেষে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, “রাঙামাটিতে ক্রিকেটের জন্য পর্যাপ্ত অবকাঠামো নেই, যা আমাকে হতাশ করেছে। তবে এখানকার তরুণদের শারীরিক সক্ষমতা এবং খেলাধুলার প্রতি আগ্রহ অনন্য। এই সম্ভাবনাকেই আমরা কাজে লাগাতে চাই।”
তিনি আরও বলেন, “বয়সভিত্তিক ক্রিকেটকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে প্রশিক্ষণ, কোচিং সুবিধা ও মাঠের উন্নয়ন জরুরি। বিসিবি এসব দিক বিবেচনা করে শিগগিরই প্রয়োজনীয় উদ্যোগ নেবে।”
আসিফ আকবর পাহাড়ি নারীদের ক্রিকেটে সম্পৃক্ত করার পরিকল্পনার কথা জানিয়ে বলেন, “পাহাড়ের মেয়েরা ফুটবলে দারুণ সাফল্য দেখিয়েছে। এখন সময় এসেছে তাদের ক্রিকেটেও যুক্ত করার। স্কুল পর্যায়ে মেয়েদের ক্রিকেট প্রশিক্ষণ চালু করলে এখান থেকেও জাতীয় দলের খেলোয়াড় উঠে আসবে বলে আমি বিশ্বাস করি।”
পরিদর্শন শেষে তিনি জেলা ক্রীড়া সংস্থাকে স্থানীয় খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করার আহ্বান জানান।
রিপোর্টার্স২৪/এসএন