নাটোর প্রতিনিধি : বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য ও বঞ্চিত সকল প্রভাষক (৩২তম থেকে ৩৭তম ব্যাচ) সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারীর দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে। রবিবার (৯ নভেম্বর) দুপুরে এনএস সরকারি কলেজ চত্বরে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে এনএস সরকারি কলেজ ও রানী ভবানী সরকারি মহিলা কলেজের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন এনএস সরকারি কলেজ অর্থনীতি বিভাগের ৩৩তম বিসিএস-এর প্রভাষক মোঃ মঞ্জুরুল হক, ৩৪তম বিসিএস-এর মোঃ মাহমুদ হাসান ও এনামুল হক, ৩৫তম বিসিএস-এর মোঃ আনিছুর রহমান ও মোছাঃ শারমিন আক্তার, ৩৬তম বিসিএস-এর মোঃ রেজাউল করিম এবং ৩৭তম বিসিএস-এর মোঃ নাজিম উদ্দিনসহ এনএস ও রানী ভবানী সরকারি কলেজের অন্যান্য প্রভাষকরা।
বক্তারা বলেন, “আমরা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২তম ব্যাচ থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত পদোন্নতির যোগ্য প্রভাষকদের অনতিবিলম্বে পদোন্নতি দেওয়ার দাবি জানাচ্ছি। সরকার ইচ্ছা করলে আমাদের পদোন্নতি দিতে পারে। এজন্য প্রয়োজন উদ্যোগ গ্রহণ ও যথেষ্ট সদিচ্ছা, কারণ পদোন্নতিযোগ্যদের তালিকা থাকা ৩৫ ব্যাচ পর্যন্ত কর্মকর্তাদের জন্য সরকারের কোন আর্থিক ব্যয় প্রয়োজন নেই। অর্থাৎ বেতন কাঠামোতে কোনো পরিবর্তন না করেই সরকারের কোন আর্থিক খরচ ছাড়াই এই ব্যাচের কর্মকর্তারা পদোন্নতি পেতে পারেন।”
রিপোর্টার্স২৪/এসএন