রিপোর্টার্স২৪ ডেস্ক: মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৬ নভেম্বর) দেওয়া এক বাণীতে তিনি মওলানা ভাসানীকে ‘জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় ও গুরুত্বপূর্ণ নাম’ বলে উল্লেখ করেন।
বাণীতে তারেক রহমান বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উপমহাদেশের নিপীড়িত মানুষের পক্ষে মওলানা ভাসানী আপসহীন ও সাহসী নেতৃত্ব দিয়েছেন। দেশমাতৃকার মুক্তির পথপ্রদর্শক হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর অবস্থান ছিল শোষণের বিরুদ্ধে এবং শোষিত মানুষের পক্ষে।
তিনি আরও বলেন, স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন ও কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে ভাসানী ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর নির্ভীক ও বলিষ্ঠ নেতৃত্ব দেশের মানুষকে সবসময় সাহস জুগিয়েছে। তাঁর হুংকারে অত্যাচারী শাসকগোষ্ঠী কেঁপে উঠতো, আর দুর্দিনে তিনি জনস্বার্থে অকুতোভয়ে অবস্থান নিয়েছেন। এ কারণেই তিনি জনগণের আস্থা অর্জন করতে পেরেছিলেন।
তারেক রহমান বলেন, অসহায় মানুষের অধিকার, গণতন্ত্র, মানবাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে মওলানা ভাসানী চিরকালই প্রেরণার উৎস হয়ে থাকবেন। তাঁর অগাধ দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ যুগে যুগে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে উদ্বুদ্ধ করবে।
মওলানা ভাসানীর আদর্শ ও দর্শন সঠিকভাবে অনুসরণ করতে পারলে দেশকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
রিপোর্টার্স২৪/এসসি