রিপোর্টার্স২৪ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের মানবতাবিরোধী মামলার রায় আজ ঘোষিত হতে যাচ্ছে। পুরো জাতি এই রায়ের দিকে তাকিয়ে আছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৭ নভেম্বর) ফেসবুকে পোস্ট করে তিনি জানিয়েছেন, ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যেই রায় ঘোষণা হবে। তিনি আশা প্রকাশ করেছেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত হবে। “জাতি অপেক্ষায় আছে,” যোগ করেছেন তিনি।
রায়ের সরাসরি সম্প্রচার দেখাবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং দেশের সকল গণমাধ্যম। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স-ও লাইভ সম্প্রচার করবে। পাশাপাশি, ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বড় পর্দায় রায় দেখার ব্যবস্থা করা হয়েছে।
আজ সকাল থেকেই ট্রাইব্যুনালে অবস্থান নিয়েছে বিটিভির বিশেষ লাইভ টিম। সকাল ৮টার পর তারা ট্রাইব্যুনাল গেটে পৌঁছে সরাসরি সম্প্রচারের প্রস্তুতি নিয়েছে। আদালতের বাইরে ইতোমধ্যেই দেশি ও বিদেশি সাংবাদিকরা জড়ো হয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, বেলা ১১টার পর ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় সাধারণ নিরাপত্তা থেকে শুরু করে বিশেষ বাহিনী পর্যন্ত সব স্তরের সতর্কতা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব, এপিবিএন, বিজিবি এবং সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন।
রিপোর্টার্স২৪ / ঝুম