স্টাফ রিপোর্টার: জুলাই আন্দোলনে নিহত মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, ‘সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের রায়টি আমরা প্রত্যাখান করছি এবং সেই রায়ের বিরুদ্ধে শহীদ পরিবারের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করবো। আমাদের ইচ্ছা আল-মামুনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক।’
সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।
রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় মীর স্নিগ্ধ বলেন, ‘আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা উচ্চ আদালতে আপিল করবো। আমাদের ইচ্ছা চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক।’
তিনি বলেন, ‘শুধু রায় দিয়ে বসে থাকলেই হবে না, আমাদের এই প্রসেসটি দেখাতে হবে কীভাবে সেই খুনি হাসিনা ও খুনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে। দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে কীভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে তাদের আনতে হবে।’
স্নিগ্ধ বলেন, ‘খুনি হাসিনার যে সব দোসর ছিল, যারা এখন দেশে আছে বা দেশের বাইরে থেকে সবাইকে দেশের মাটিতে এনে যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি কার্যকর করতে হবে। সরকার ও দেশের সবাইকে এ ব্যাপারে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হচ্ছে।’
রিপোর্টার্স২৪/ধ্রুব