রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষিত রায়ে সন্তোষ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, এই বিচারে আন্তর্জাতিক মান রক্ষা হয়েছে; যেখানে আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াত নেতাদের বিচার আন্তর্জাতিক মানসম্পন্ন ছিল না।
সোমবার(১৭ নভেম্বর) বিকেলে ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
গোলাম পরওয়ার বলেন, বিচার স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন হয়েছে। এই রায়ের মধ্য দিয়ে দেশের মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। স্বৈরশাসন ও মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটেছে, তার জবাবদিহির পথ খুলেছে এই রায়ে।
তিনি দণ্ডিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভারত ন্যায়বিচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দ্রুত দণ্ডিত ব্যক্তিদের ফেরত পাঠানো উচিত।
জামায়াত নেতাদের মৃত্যুদণ্ডের রায় নিয়ে অতীতের অভিযোগ তুলে গোলাম পরওয়ার বলেন, জামায়াতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সাজানো মামলা ও সাজানো সাক্ষ্য দিয়ে ফাঁসি কার্যকর করা হয়েছিল। সেই বিচার আন্তর্জাতিক মানের ছিল না এবং দেশ-বিদেশে প্রশ্নবিদ্ধ হয়েছিল।
তিনি শাপলা চত্বরের ঘটনা, গুম, ক্রসফায়ারসহ অতীতের অন্যান্য অভিযোগেরও বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।
সোমবার ঘোষিত রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়, ট্রাইব্যুনালের রায় বাংলাদেশের বিচার ও রাজনৈতিক ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। সরকার বা রাষ্ট্রের কোনো ক্ষমতাবান ব্যক্তি আইনের ঊর্ধ্বে নন এ রায় তা প্রতিষ্ঠা করেছে।
রায়ের পর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ সম্পর্কে জামায়াতের দাবি, এসব কর্মকাণ্ডের পেছনে নিষিদ্ধ আওয়ামী লীগের ‘সন্ত্রাসীরা’ জড়িত।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, হামিদুর রহমান আযাদ, আবদুল হালিম, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং ঢাকা উত্তর মহানগরীর আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
রিপোর্টার্স২৪/এসসি