| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একটি মহল সহিংসতা সৃষ্টি করে জনদৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে : ফখরুল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ১০:০৩:৪৫:পূর্বাহ্ন  |  ১২৩২৬৯০ বার পঠিত
একটি মহল সহিংসতা সৃষ্টি করে জনদৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে : ফখরুল
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণার সময় একটি বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে সহিংসতা সৃষ্টি করে জনদৃষ্টি অন্য খাতে ঘোরানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, যখন মানবতাবিরোধী অপরাধের দায়ে রায় দেওয়া হচ্ছে, তখনই অন্যদিকে মবক্রেসি সৃষ্টি করা হচ্ছে। এটা কীসের আলামত তা বুঝতে পারছি না। আমার মনে হয়, ওই রায়ের গুরুত্ব কমিয়ে দিতে বিশেষ মহল সচেষ্ট। রাজনৈতিক দলগুলোকে বিষয়টি খতিয়ে দেখা উচিত।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনো বিপ্লবী সংগঠন নয়; এটি একটি মুক্তচেতা, স্বাধীন ও গণতান্ত্রিক দল। গণতন্ত্রই আমাদের বিশ্বাস এ লক্ষ্য পূরণে সারাজীবন লড়াই করছি। দেশের মানুষও শত শত বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে।

তিনি আরও বলেন, দেশকে ব্যর্থ রাষ্ট্রের পথে যেতে না দিতে হলে গণতন্ত্রে ফেরার বিকল্প নেই। বিচার বিভাগ, গণমাধ্যম, সংসদ এসব প্রতিষ্ঠান কার্যকর ও স্বাধীন না হলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। তাই গণতন্ত্রে বিশ্বাসী সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আজ যদি কেউ এককভাবে সংস্কারের দাবি তোলেন, তা সংকীর্ণতারই প্রকাশ। বহু আগে থেকেই আমরা ১০, ২৭ এবং ৩১ দফার মাধ্যমে সংস্কারের কথা বলে আসছি। কিন্তু একটি মহল বিএনপির সংস্কার উদ্যোগকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।

অনুষ্ঠানের প্রশংসা করে তিনি বলেন, গত ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসকে ডকুমেন্টারির মাধ্যমে আরও বিস্তৃতভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া উচিত।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মীর নাসির উদ্দিন, ড. ওসমান ফারুক, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ এবং বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪